- - -

পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রমে ইউএনওর সরেজমিন পরিদর্শন, মা মাছ রক্ষায় উদ্যোগের আশ্বাস

img 20261012 wa0088
Print News

পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রমে ইউএনওর সরেজমিন পরিদর্শন, মা মাছ রক্ষায় উদ্যোগের আশ্বাস

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর কদমতলী মৎস্য অভয়াশ্রমে পানি ও প্রাকৃতিক খাদ্যসংকট নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। সংবাদের গুরুত্ব উপলব্ধি করে অভয়াশ্রমটি সরেজমিনে পরিদর্শন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। পরিদর্শন শেষে তিনি অবলুপ্তির ঝুঁকিতে থাকা দেশীয় প্রজাতির মা মাছ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
দীর্ঘদিন ধরে পলি জমে টাঙ্গন নদীর এ অভয়াশ্রমটি ভরাট হয়ে যাওয়ায় পানির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। একই সঙ্গে দেখা দিয়েছে মাছের প্রাকৃতিক খাদ্যের তীব্র ঘাটতি। ফলে অভয়াশ্রমটিতে থাকা দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছের নিরাপদ আশ্রয়, প্রজনন ও স্বাভাবিক বিচরণ মারাত্মক হুমকির মুখে পড়ে। বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পরপরই প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।
পরিদর্শনকালে পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সিপিবির পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি প্রভাত সমীর শাহাজান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কদমতলী মৎস্য অভয়াশ্রমের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম ও সহসভাপতি এন্তাজুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় অভয়াশ্রমটির বর্তমান নাজুক পরিস্থিতি এবং দেশীয় প্রজাতির মা মাছের নিরাপদ আবাসস্থল পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইউএনও গোলাম রব্বানী সরদার মা মাছের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রূতি দেন।
সংবাদ প্রকাশের পর ইউএনওর সরেজমিন পরিদর্শন ও আশ্বাসে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। তাদের প্রত্যাশা, দ্রুততম সময়ের মধ্যে অভয়াশ্রমটি পুনঃখনন, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণ এবং মাছের খাদ্যসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি, এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কদমতলী মৎস্য অভয়াশ্রমটি আবারো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa