
ডুমুরিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত
খুলনার ডুমুরিয়ায় নদী-নালা, খাল-বিল ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও জোরদার করার লক্ষ্যে রাজস্ব খাতের অর্থায়নে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ আর্থিক সালে ২য় ধাপে উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৪৬৮.৭৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের সভাপতিত্বে আয়োজিত পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মিজ সবিতা সরকার বলেন, “মাছ আমাদের জাতীয় প্রোটিনের অন্যতম প্রধান উৎস। প্রাকৃতিক ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পরিকল্পিতভাবে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। জলাশয়গুলো সংরক্ষণ এবং পোনা মাছ ধরে না ফেলার জন্য এলাকার সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাই। সরকারের এই মহতী উদ্যোগ সফল করতে মৎস্য দপ্তরের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা অপরিহার্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ আশরাফুল কবির, বিআরডিবি কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, সহকারী মৎস্য কর্মকর্তা অর্চন মণ্ডল, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মাহাবুবুর রহমানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও মৎস্যজীবীরা।
সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার নির্ধারিত বিভিন্ন জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন এবং মৎস্য খাতের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
![]()









