- - -

চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে রোগীদের প্রতি আন্তরিক হতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

img 20261014 wa0010
Print News

চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে রোগীদের প্রতি আন্তরিক হতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

 

চিকিৎসক হিসেবে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হতে হলে রোগীদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার মহান ব্রত। একজন চিকিৎসকের সাফল্য শুধু তাঁর ডিগ্রি, দক্ষতা কিংবা পদমর্যাদার ওপর নির্ভর করে না; বরং রোগীর প্রতি তাঁর আচরণ, দায়িত্ববোধ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই প্রকৃত সাফল্য প্রতিফলিত হয়।
বুধবার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেসের (আইএএইচএস) মেডিকেল বিভাগ আয়োজিত ইন্টার্ন বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
নবীন চিকিৎসকদের উদ্দেশে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাশাস্ত্রে অর্জিত জ্ঞান ও দক্ষতা রোগীদের কল্যাণে কাজে লাগাতে হবে। রোগীরা চিকিৎসকের কাছে শুধু ওষুধ কিংবা চিকিৎসাসেবা নিতে আসেন না, তাঁরা ভরসা ও আশ্রয়ও খোঁজেন। তাই রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, তাঁর শারীরিক ও মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া এবং যথাযথ সম্মান ও সহমর্মিতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করা প্রত্যেক চিকিৎসকের নৈতিক দায়িত্ব। রোগীর আর্থিক ও সামাজিক অবস্থান বিবেচনা না করে সবার প্রতি সমান মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের প্রতিনিয়ত অগ্রগতি হচ্ছে। একজন চিকিৎসককে পেশাগত জীবনে সফল হতে হলে নিয়মিত পড়াশোনা, গবেষণা, আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে হবে। চিকিৎসাবিজ্ঞানে অর্জিত জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করে রোগীর সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।
মেয়র আরও বলেন, ইন্টার্নশিপ একজন চিকিৎসকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিত্তি তৈরি করে। হাসপাতালে দায়িত্ব পালনের সময় রোগীর নিরাপত্তা, চিকিৎসার মান এবং পেশাগত শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, চিকিৎসকের একটি আন্তরিক কথা রোগীকে মানসিক শক্তি দিতে পারে, আবার অসৌজন্যমূলক আচরণ রোগীর কষ্ট বাড়িয়ে দিতে পারে। তাই দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষ, নৈতিক ও মানবিক চিকিৎসকের বিকল্প নেই। চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক আস্থা তৈরি হলে চিকিৎসাসেবা আরও কার্যকর হয়। নবীন চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশের মানুষের স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সুফি মো. ওমরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আরিফ উদ দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ও নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বদিউল আলম বাদল, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. সুলতানা রুমা আলম, বিশিষ্ট নিউরোসার্জন ডা. মাজেদ সুলতান, মেডিসিন বিভাগের প্রধান ডা. সৈয়দ জাবেদ, শিশু বিশেষজ্ঞ ডা. রাসেল ফরিদ, চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিফাত কামাল রনি, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. জায়েদ বাশরী, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহরুফা কানম পরাগ, ইউএসটিসি মেডিকেলের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন নয়ন, ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের (আইডিএ) সাবেক সভাপতি ডা. মতিউর রহমান, ইউএসটিসি মেডিকেলের সভাপতি ডা. হাবিবুল করিম তানিম, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. তাউসিফ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আল মারুফসহ ইউএসটিসির শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের (আইডিএ) ২০২৬-২০২৭ সালের ডাঃ মোঃ শরিফুল ইসলাম অভি – ডাঃ তানজিমা কার্যকরি পরিষদের নেতাবৃন্দের পরিচিতি পর্ব আয়োজিত হয়।
ছবির ক্যাপশন: ইউএসটিসি (আইএএইচএস) মেডিকেল আয়োজিত ইন্টার্ন বিদায় ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa