
নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জন্নাত ইসলাম, প্রকাশ হচ্ছে ‘বেইমান ছিলাম নারে’
সংগীতাঙ্গনে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তরুণ কণ্ঠশিল্পী জন্নাত ইসলাম। ‘TH Music’-এর ব্যানারে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গান ‘বেইমান ছিলাম নারে’। গানটি প্রকাশকে ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘বেইমান ছিলাম নারে’ গানটির কথা ও সুর করেছেন নিশান আরবিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জন্নাত ইসলাম। আর গানটির ভিডিও পরিচালনা করেছেন এইচ. এ. হিমেল।
ভালোবাসা, আবেগ ও বিশ্বাসভঙ্গের অনুভূতিকে কেন্দ্র করে গানটির গল্প ও উপস্থাপনা তৈরি করা হয়েছে। গানের কথা ও সুরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিওতেও আবেগঘন দৃশ্যায়নের মাধ্যমে গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী জন্নাত ইসলাম বলেন, “শ্রোতাদের জন্য ‘বেইমান ছিলাম নারে’ গানটি ভালোবাসা ও যত্ন দিয়ে তৈরি করেছি। গানটির কথা, সুর ও ভিডিও—সবকিছুতেই আলাদা কিছু দেওয়ার চেষ্টা রয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের হৃদয়ে জায়গা করে নেবে।”
জন্নাত ইসলামের সংগীতজীবনের শুরুটা অবশ্য অনেক আগে। ছোটবেলা থেকেই গানের প্রতি তার আগ্রহ তৈরি হয়। বাবার কাছ থেকেই গানের প্রতি উৎসাহ পেয়েছেন তিনি। বয়স যখন কম, তখন থেকেই হারমোনিয়াম হাতে নিয়ে একটু একটু করে গান শেখা ও চর্চা শুরু করেন। সেই পথচলা থেকেই ধীরে ধীরে সংগীতের জগতে তার এগিয়ে চলা।
জন্নাত ইসলামের জন্ম চাঁপাইনবাবগঞ্জে। বাবার চাকরির সুবাদে পরিবার সেখানে থাকায় সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। চাঁপাইনবাবগঞ্জেই পড়াশোনা করেন এবং সেখান থেকে এসএসসি পাস করেন। পরে উচ্চশিক্ষার জন্য ঢাকায় চলে আসেন এবং ঢাকায় এসে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। পাশাপাশি সংগীতচর্চাও চালিয়ে যেতে থাকেন।
এর আগে জন্নাত ইসলাম ‘ও আল্লাহ এমন জীবন কেনো দিলা’ গানটি দিয়ে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। গানটি ইতোমধ্যে ইউটিউবে ৫.১ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া তার আরও বেশ কয়েকটি গান রয়েছে, যেগুলোর মাধ্যমে শ্রোতাদের ভালোবাসা ও সাড়া পেয়েছেন এই শিল্পী।
নতুন গান ‘বেইমান ছিলাম নারে’ নিয়ে জন্নাত ইসলাম ও সংশ্লিষ্টরা আশাবাদী। তাদের প্রত্যাশা, গানটি প্রকাশের পর সংগীতপ্রেমীদের মধ্যে ভালো সাড়া ফেলবে এবং জন্নাত ইসলামের সংগীত ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
গানটির গীতিকার ও সুরকার নিশান আরবিন, ভিডিও পরিচালনায় এইচ. এ. হিমেল এবং গানটি প্রকাশ করছে TH Music।
![]()









