
‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের অভিযোগে বড়পোলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ”
নগরবাসীর অভিযোগের ভিত্তিতে নগরের বড়পোল মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে প্রাপ্ত অভিযোগসহ অন্যান্য অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১০টি মামলা করে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪ (আনিক-০৪)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে স্থাপিত অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার পাশাপাশি সড়কে যান চলাচলে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করা হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে দোকান পরিচালনা এবং মশার লার্ভা উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টির অপরাধে সাতজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। তাদের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় দুইজন ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
, নগরবাসীর অভিযোগকে গুরুত্ব দিয়ে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে পাওয়া নাগরিক সমস্যা ও অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশাপাশি নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ও নাগরিক পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নগরের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে অবৈধ দখল, অপরিচ্ছন্নতা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
![]()









