
কাজে যাওয়ার পথে ফুলবাড়ি এলাকায় দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
কাজে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ গেল ২ যুবকের। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায়। মৃত ২ যুবকের নাম পিন্টু শীল ও কৃষ্ণ হালদার। তাদের বাড়ি ফাঁসিদেওয়া মহকুমার কাশীরাম এলাকায়। ফুলবাড়ি এলাকার একটি চানাচুর কারখানায় কর্মরত ছিলেন
২ যুবক। স্থানীয় সূত্রে প্রকাশ, প্রতিদিনের মতো সোমবার (২২ জুন) সকালে কাজে বেরিয়ে ছিলেন ২ বন্ধু। স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষনের মধ্যেই জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা। ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ২ যুবক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফাঁসি দেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ২ যুবকের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
![]()









