
ঘোড়াঘাটে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৪ জন গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীর তীরে ডাব্বু (তাস) খেলার একটি বড় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সিংড়াঘাট ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— সিংড়াঘাটের রবিউল ইসলাম (৩৩), চাটশরা এলাকার রেজ্জাক আলী (৩৫), ময়নুল (৩৫) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামের আবেদ আলী (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, নদীর নিরিবিলি এই এলাকাটিকে দীর্ঘদিন ধরে আসামিরা গোপনে ডাব্বু জুয়ার আসর হিসেবে ব্যবহার করে আসছিল। সেখানে বিভিন্ন এলাকার লোকজন জড়ো হয়ে জুয়া খেলায় অংশ নিত এবং লাখ লাখ টাকার লেনদেন করত।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে চারজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে পুলিশ জানিয়েছে। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩টি ডাব্বু (ছক্কা), ১৮টি গুটি এবং একটি কাপড়ের তৈরি ছকসহ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত পলাতক আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
![]()









