- - -

প্রতিবন্ধকতাকে জয় করে স্মার্ট কার উদ্ভাবন তরুণ ওয়াকিমুলের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

Print News

প্রতিবন্ধকতাকে জয় করে স্মার্ট কার উদ্ভাবন তরুণ ওয়াকিমুলের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

 

শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধা ও স্বপ্নের পথে বাধা হতে পারে না এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ উদ্ভাবক ও কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করে তিনি তৈরি করেছেন ব্যতিক্রমধর্মী একটি ‘স্মার্ট কার’, যা ইতোমধ্যেই সবার দৃষ্টি কেড়েছে।

শনিবার (৯ মে ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গাড়িটির বিভিন্ন প্রযুক্তিগত দিক ও কার্যপ্রণালী সম্পর্কে ওয়াকিমুলের কাছ থেকে বিস্তারিত শুনেন।

শুধু পরিদর্শনেই সীমাবদ্ধ থাকেননি প্রধানমন্ত্রী। তরুণ উদ্ভাবকের প্রতি উৎসাহ ও সম্মান জানিয়ে তিনি নিজেই স্মার্ট কারটিতে আরোহণ করেন এবং সেটি চালিয়েও দেখেন। প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতা ও উৎসাহে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিতে গভীরভাবে বিশ্বাস করেন। ওয়াকিমুল ইসলামের এই উদ্যোগ ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, সরকারিভাবে এমন প্রতিভাবান তরুণদের পাশে থাকার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টদের মতে, ওয়াকিমুল ইসলামের এই সাফল্য এবং প্রধানমন্ত্রীর সরাসরি স্বীকৃতি দেশের হাজারো তরুণ উদ্ভাবকের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa