- - -

আশপাশে বিদ্যুৎ থাকলেও হোসেনপুর এখনো অন্ধকারে, সংস্কার কাজ চলছে বলছে কর্তৃপক্ষ

Print News

আশপাশে বিদ্যুৎ থাকলেও হোসেনপুর এখনো অন্ধকারে, সংস্কার কাজ চলছে বলছে কর্তৃপক্ষ

 

হবিগঞ্জের লাখাই উপজেলার হোসেনপুর গ্রামে টানা ৫ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। উপজেলার প্রায় সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও হোসেনপুর এখনো অন্ধকারে নিমজ্জিত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চলমান এসএসসি পরীক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টার দিকে আঘাত হানা প্রবল ঝড়-তুফানে পুরো উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের দুই দিন পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হলেও হোসেনপুর গ্রামটি দীর্ঘ ৫ দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। আজ শনিবার (২ মে) সারা দিন পার হয়ে রাত হলেও গ্রামে বিদ্যুতের দেখা মেলেনি।

বিদ্যুৎ না থাকায় হোসেনপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী এবং স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তপ্ত গরম আর অন্ধকারের মাঝে শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় তাদের পরীক্ষার প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

পল্লী বিদ্যুতের কর্মীরা লাইন মেরামতের কাজ করতে এলাকায় এলেও এখনো সংযোগ দেওয়ার কোনো নিশ্চয়তা মেলেনি। এ বিষয়ে ডিজিএম সুমন সাহা জানান, লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সংস্কার কাজ চলমান রয়েছে এবং কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত সংযোগ নিশ্চিত করা হবে।

আশেপাশের সব গ্রামে বিদ্যুৎ থাকলেও কেবল নিজেদের গ্রামে সংযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa