
কৃষিজমি ধ্বংস ঠেকাতে মাঠে প্রশাসন, অবৈধ পুকুর খননে কঠোর বার্তা
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে তিন ফসলী কৃষিজমিতে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) অকেজো করে দেওয়া হয় এবং এর ব্যাটারি ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ইং ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুর্গাপুর উপজেলার ২ নং কিসমতগণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে কৃষিজমি খনন করে পুকুর তৈরি ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। এ সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “অবৈধভাবে তিন ফসলী জমিতে পুকুর খনন প্রতিরোধ এবং বাণিজ্যিকভাবে মাটি বিক্রি বন্ধের লক্ষ্যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি নষ্ট করে কেউ যেন পরিবেশ ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে না পারে—সেই বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, অবৈধ মাটি কাটার ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে স্থানীয় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,
দীর্ঘদিন ধরে অবাধে মাটি কাটার কারণে এলাকার ফসলি জমি ও সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছিল। নিয়মিত অভিযান পরিচালনা করলে অবৈধ খনন পুরোপুরি বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও অবৈধ পুকুর খনন, মাটি বিক্রি ও কৃষিজমি ধ্বংসের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও কঠোর বার্তা দিয়েছে প্রশাসন।
![]()









