- - -

তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই

Print News

তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই

গণমাধ্যমের দলিত শ্রেণীর তিনি প্রতিনিধি ছিলেন। অথচ উঠে আসেন পাদপ্রদীপের আলোয়। জীবনের কঠিন বাস্তবতা মোকাবেলা করে হয়েছেন গণমাধ্যমের সফল উদ্যোক্তা। তাঁর জীবনী পাঠ্যভুক্ত হয়েছে।
তাঁর স্বাপ্নিক প্রতিষ্ঠান চট্টগ্রামের ‘দৈনিক পূর্বকোণ’ পায় দেশসেরা আঞ্চলিক দৈনিকের স্বীকৃতিও।

তাঁর অগাধ স্নেহসান্ন্যিধ্য পেয়েছি। বিশ্বাস রেখেছিলেন বারবার। দু’বার চাকরি ছেড়ে দিলেও তিনি আমাকে ফিরিয়ে নিয়েছিলেন। দুঃসময়ে মাথায় হাত রেখেছিলেন।
শুধু যে আমার জন্য তা করেছেন, তেমনটি নয়, তিনি তাঁর প্রতিষ্ঠানের সবাইকে এমন করে আগলে রাখতে জানতেন। আমার প্রতি তাঁর আস্থার নিঃস্বার্থ পক্ষপাতও দেখেছি।
লেখালেখির কারনে জীবনের চরম ঝুঁকির সময়ও তিনি পাশে ছিলেন। কখনো বকুনিতে নিয়ন্ত্রণে রাখতেও চাইতেন।

আমার কর্মজীবনের প্রায় ১২টি বছর তাঁর প্রতিষ্ঠানে নিবেদিত থেকেছি। সেই সময়টাতেই মূলত গণমাধ্যমে আমার ভিত্তিমূল গড়ে ওঠে। সাংবাদিক সংগঠনের নেতৃত্বে, সে সময়টাই আমার ভিত্তি।
সেই ১২ বছরে সাংবাদিকতার এমন কোন বিট নেই যেটিতে তাঁর পত্রিকায় আমি লিখি নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রী এমপি উপদেষ্টা কিংবা সংস্কৃতি অঙ্গনের তারকাদের সাক্ষাৎকার বলুন আর মুদি দোকানি কিংবা ভাসমান জীবনের ফুলগুলোর ভাষ্য, সবার কথা’ই তুলে ধরতে পেরেছি।
এমনও সময় ছিল যখন মাসে ২৮ দিনেই বিশেষ প্রতিবেদন থাকতো আমার। তার মধ্যে বেশিরভাগই লীড আইটেম।
বিশেষ করে রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতি : তিন মাধ্যমেই রিপোর্টার হিসেবে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি আমি। বন্দর, কাস্টমস, চাক্তাই, খাতুনগঞ্জ, আগ্রাবাদ বাণিজ্য পাড়া, শিল্পকলা, মুসলিম হল, টিআইসি সংস্কৃতি পাড়ার নানা আয়োজনের রিভিউ কিংবা খেলার মাঠের ‘চুটকি’ ; সব ক্ষেত্রেই চেষ্টা করেছি লিখতে।
আমার সেই সময়ে গড়ে ওঠা পৃথক পাঠককুল এখনো আমার উপর আস্থা রাখেন, সেটা টের পাই।

দেশের প্রধান বন্দর শহরের তাৎপর্যপূর্ণ-রাজনৈতিক অন্দরমহলের নিত্য নতুন তথ্য নিয়ে আমার করা রিপোর্টিং এর স্মৃতি সুধা এখনো তুলে ধরেন অনেক পাঠক। তাঁদের কেউ কেউ হঠাৎ কোথাও কোথাও সামনে পেয়ে এখনো আমার পুরনো সেইসব রিপোর্টিং সম্বলিত পত্রিকা বের করে এনে চমকে দেন! এমন সময়গুলোতে তাঁদের চোখে মুখের প্রশান্তি আমাকে কী পরিমান মানসিক শক্তি দেয়, তা বলে বুঝাতে পারব না।

মাত্র ২৬ বছর বয়সেই আমার শহরের রাজনৈতিক সামাজিক অঙ্গনের উল্লেখযোগ্য সংখ্যক পাঠক শ্রেণীর দৃষ্টি আকর্ষন আমার পক্ষে সম্ভব হয়েছিল, কেবল তাঁর কারণেই। তাঁর কাছেই আমি জীবনের প্রথম চাকরির সাক্ষাৎকারটি দেই। তিনি ছিলেন আমার প্রথম আনুষ্ঠানিক নিয়োগকর্তা। অবশ্য সে সময় মাসিক সম্মানির বিষয়টি তাঁর কনিষ্ঠ সন্তান, দৈনিক পূর্বকোণের বর্তমান সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরীর সঙ্গে আলাপে চূড়ান্ত হয়।

ব্যক্তি প্রতিবেদক হিসেবে শুধু নয়, মহান উদ্যোক্তা সংগঠক এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে মোহাম্মদ ইউসুফ চৌধুরীর স্নেহ সান্নিধ্যে থেকে সাংগঠনিক-প্রতিষ্ঠানিক সূত্রেও আমি বিভিন্ন স্থানে যাওয়ার সুযোগ পেয়েছি। তাঁর সফর সঙ্গী হয়েছি বহুবার শহর-গ্রামের বহু পাড়া মহল্লায়। তাঁর উপস্থিতিতে বহু সভা সমাবেশেও আমার অবস্থান ছিল শুধু প্রতিবেদক হিসেবে ‘নোট’ নেয়া নয়, সামগ্রিক পর্যবেক্ষণও। একই গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো৷ আর মাঝে মধ্যে একই টেবিলে বসে কাজ করার সুযোগে তাঁর বিস্তৃতি, পরিবার এবং কর্মবাঁক সম্পর্কে যেমন জেনেছি, তেমনি তাঁর সূত্রে চেনা হয়েছে শহর ও গ্রামের অনেককেই। জানা হয়েছে অনেকের জীবন, বেড়ে ওঠা, প্রাতিষ্ঠানিক বিস্তৃতি সম্পর্কেও। তাঁর সান্নিধ্য আমার চট্টল শহরে আমাকে এত বেশি সাংগঠনিক পর্যায়ও বিস্তৃত করেছে, যার সুফল এখনো আমি পাই।

পবিত্র মক্কায় এই কর্মবীরের মহাপ্রয়াণে আমি বেশ মুষড়ে করেছিলাম। পরে এক পর্যায়ে সেই শোক আমার শক্তিতে পরিণত হয়।
মানুষের কল্যাণ, প্রাণিসম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং চট্টগ্রামের উন্নয়ন প্রশ্নে তাঁর ভূমিকা লিখে শেষ করার মত নয়। অবশ্য তাঁর প্রয়ানের পরে তাঁর গ্রাম রাউজানে অবনতি মানুষের উপস্থিতিতে আয়োজিত নাগরিক স্মরণে উপস্থাপিত নিবন্ধটি আমার লেখা।
সামগ্রিক মানবকল্যাণ তাঁর নানা ভাবনা-চিন্তা উদ্যোগের সাক্ষী হতে পারাও আমার মত একজন গণমাধ্যম কর্মীর অনেক বড় প্রাপ্তি।

এমন নানা মাত্রিক কারণে চট্টগ্রামের কৃতি পুরুষ, আধুনিক সংবাদপত্র প্রকাশের অন্যতম উদ্যোক্তা
মোহাম্মদ ইউসুফ চৌধুরী আমার কাছে আইডল।
তাঁর প্রতি আমার আজীবনের কৃতজ্ঞতা থাকবেই।
তাঁর প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার পর গেল ১৬ বছরেে একাধিক টেলিভিশন ও জাতীয় দৈনিকে কাজ করলেও তিনি আমার কর্ম উদ্যোগে অনন্য প্রেরণা। তাঁর মত স্বপ্ন পল্লবিত হয় আমারও মনে।
ভাবি, তৃণমূল থেকে উঠে তিনি পারলে আমিও পারবো না কেন?! এমন ভাবনার বেদিমূলে দাঁড়িয়ে এখন তাই আমি নতুন কিছু করবার স্বপ্ন বুনি । সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি স্থিতিশীল হলে যত দ্রুত সম্ভব সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোবার আশা রাখি।

আজ আমার পরম শ্রদ্ধেয়, একুশে পদপ্রাপ্ত সমাজ সেবায় জীবনভর নিবেদিত থাকা পুরুষ, গণমাধ্যম উদ্যোক্তা সংগঠক মোহাম্মদ ইউসুফ চৌধুরীর প্রতিষ্ঠান ‘দৈনিক পূর্বকোণ’ ৪১ বছরে নবযাত্রা শুরু করেছে।
এই শুভ ক্ষনে তাঁর পরিবারের সদস্য সহ প্রিয় এই পত্রিকাটির বর্তমান, প্রাক্তন সহকর্মীদের জন্য
অজস্র অতল শুভ কামনা ;::'”;’;:'”*

— রিয়াজ হায়দার চৌধুরী,
সভাপতি,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন
(১০/০২/২০২৬)

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa