
শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার না করার জের:
ধর্ষিতার মায়ের কান কেটে নিল
আসামী পক্ষের নারী
শিশু ধর্ষণ মামলা প্রত্যাহার না করার ঘটনাকে কেন্দ্র করে দা’য়ের কোপে ধর্ষিতা শিশুর মায়ের কান কেটে নিয়েছে আসামী পক্ষের এক নারী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের তাজনগর হাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই গ্রামের পূর্বের দায়ের করা একটি শিশু ধর্ষণ মামলার আসামীরা দীর্ঘদিন ধরে ধর্ষিতার মাকে মামলা প্রত্যাহার করার চাপসহ হুমকিধমকি দিয়ে আসছিলো। এব্যাপারে থানায় জিডি করে ভিকটিমের পরিবার। জিডি করায় আরো ক্ষুব্ধ হয়ে ওঠে আসামী পক্ষ। এর জের ধরে আজ শনিবার দা”য়ের কোপে ধর্ষিতা শিশুর মায়ের কান কেটে নেয় আসামী পক্ষের এক নারী।
ঘটনাটি আমলে নিয়ে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখের নির্দেশনায় এসআই অভিজিৎ, এস আই মিজান সঙ্গীয়ও মহিলা পুলিশসহ এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কান কাটার ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়। এবং দা”য়ের কোপে কান বিচ্ছিন্ন হওয়া নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করা হয়েছে। এবং দা’য়ের কোপে কান বিচ্ছিন্ন হওয়া নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
![]()









