
কলকাতার নিউটাউনে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
বেপরোয়া গতির বলি তরতাজা প্রাণ। বাইক দুর্ঘটনায় মারা গেলেন ২ যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতার নিকটে নিউটাউন এলাকায়। মৃত ২ যুবকের নাম অসিত মাহাতো ও প্রণয়দীপ মাঝি। দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের যাত্রাগাছির খালধার এলাকায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি ) রাতে ওই খালধার এলাকার রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসিত মাহাতো। উল্টো দিক থেকে বাইক চালিয়ে আসছিলেন প্রণয়দীপ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ২টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ছিল যে, ২ জনেই বাইক থেকে দূরে ছিটকে যায়। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় অসিত মাহাতোর। অন্যজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তাঁর শারীরিক অবস্থা আশংকাজনক ছিল। পরে হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ২টি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









