- - -

ওবায়দুল হক থেকে ইব্রাহিম আজাদ, দুই প্রজন্ম : গণমাধ্যমের গল্প

Print News

ওবায়দুল হক থেকে ইব্রাহিম আজাদ,
দুই প্রজন্ম : গণমাধ্যমের গল্প

 

পিতা ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও খ্যাতনামা সাংবাদিক ওবায়দুল হক। পুত্র চট্টগ্রাম থেকে ঢাকায় থিতু হয়ে একাধারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করে দেশজুড়ে আলাদা পরিচিতি গড়ে তোলা ইব্রাহিম আজাদ। দুজনের সাথেই কাজের সৌভাগ্য আমার হয়েছে। পিতাকে পেয়েছি পেশাদারিত্বের পাশাপাশি সাংগঠনিক পূর্বসূরি হিসেবেও। পুত্র আমার সিনিয়র সহকর্মী।

গেল রাতে ইব্রাহিম আজাদ ভাইয়ের মৃত্যুর খবর ভেতরটা মুষড়ে দিয়েছে। তাঁর সাথে আমার অনেক স্মৃতি। সহজ সজ্জন ইব্রাহিম আজাদ ভাইকে কাছে থেকে দেখেছি আমার পেশাদারিত্বে ইটিভি জামানায়। শুধু পেশা নয়, সাংগঠনিক বিষয় নিয়েও মাঝে মধ্যে কথা হতো। সর্বশেষ দেখা হয়েছে বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে। ২৪ পরবর্তী ফ্যাসিস্ট অভিধায় আমার মত তাঁরও কপাল পুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, আজাদ ভাই ছিলেন আমাদের সাবেক পররাষ্ট্র ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এর বাল্যবন্ধু । বন্ধুত্ব কিংবা রাজনৈতিক পরিচিতি দিয়ে চাইলে অনেক কিছুই ভাগিয়ে নিতে পারতেন। কিন্তু আওয়ামী জমানায় যারা ক্ষমতার প্রভাব দেখাননি , কিংবা সহজ সাধারণভাবে মিশেছেন সবার সাথে, কপালটা যেন তাঁদেরই পুড়েছে। ক্ষমতার দাপট প্রদর্শনকারী কিংবা লোলুপ ধান্দাবাজরা এখনো আছেন বহাল তবিয়তে। হাল আমলের বিপ্লবীদের সাথে তাদের দারুন ভাব। যেন মিলে ঝুলে খাওয়ার বন্দোবস্তি !
আজাদ ভাই একবার আমার উপর ক্ষেপেছিলেন । বিষয়টি তাঁর মর্যাদায় আঘাত লাগার মত করে ভেবেছেন বলেই।
তাঁর বাবা চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা প্রধান প্রতিবেদক ওবায়দুল হক যখন অন্তিম শয্যায়, তখন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তহবিল থেকে তাঁকে চিকিৎসা সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছিল।
২০১৫ খ্রিস্টাব্দের জুলাইয়ের মাঝামাঝি সময়ের কথা। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দুই দফা সাধারণ সম্পাদক হয়ে সে সময় আমি বিদায় নিয়েছিলাম। পেশা নিয়ে ব্যাপক সক্রিয় তখন।
সেদিন আমি কর্মসূত্রে ঢাকায়। অনেকটা কাকতালীয়ভাবে প্রধানমন্ত্রীর দপ্তরেও গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওবায়দুল হক সাহেবকে চিকিৎসা সহায়তা সম্মাননা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রাক্তন তথ্য উপদেষ্টা, আমাদের নেতা ইকবাল সোবহান চৌধুরীর সাথে সেদিনও আমার কথা হয়েছিল। বিষয়টি কোন না কোন ভাবে জানতে পেরে ইব্রাহিম আজাদ ভাই আমার উপর খুব চটে যান। তিনি চাচ্ছিলেন না তাঁর বাবার চিকিৎসার জন্য সরকারি কোনো সহযোগিতা। এ ব্যাপারে চট্টগ্রামের নেতাদের আন্তরিকতা এবং ইকবাল ভাইয়ের মধ্যস্থতা ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রক্রিয়াটি সম্পর্কে উনাকে বুঝানোর চেষ্টা করলাম।
তাঁকে বুঝালাম, এটি কোন করুনার দান নয়। রাষ্ট্রের একটি সম্মান, স্বীকৃতি। খোদ বঙ্গবন্ধু কন্যা সেটি দিয়েছেন। কোনভাবে তাঁকে নিবৃত্ত করে ফিরে এলাম চট্টগ্রামে।
ইটিভি ছেড়ে আমি বাংলাদেশ প্রতিদিনে প্রায় টানা ১৫ বছর কাজ করলেও ইব্রাহিম আজাদ ভাইয়ের সাথে সম্পর্কের ঘাটতি হয়নি। বরং দিন দিন তা উজ্জ্বল হয়েছে। জাতীয় প্রেসক্লাবে লাউঞ্জে কিংবা যে কোন আড্ডায় দূর থেকে হাত উঁচিয়ে স্বাগত জানাতেন তিনি।
আমার প্রাক্তন অগ্রজ সহকর্মী ইব্রাহীম আজাদ
একুশে টেলিভিশন ছাড়াও তাঁর বর্ণাঢ্য পেশাগত জীবনে এটিএন বাংলা, প্রথম আলো, ভোরের কাগজ, দীপ্ত টিভি, নিউজ টুয়েন্টি ফোরসহ নানা গণমাধ্যমে কাজ করেন।

এবার খানিকটা বলতে চাই তাঁর বাবা ওবায়দুল হক সাহেবকে নিয়ে। দৈনিক আজাদীর প্রতিষ্ঠাকাল থেকে টানা ৪৯ বছর প্রধান প্রতিবেদক ছিলেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে বা যে সংগঠনে আমি এখন সভাপতি, তিনি বহু আগেই সেই সংগঠনের সভাপতি ছিলেন। শুধু তাই নয় গত ৬৫ বছরের ইতিহাসে যে দু’জন একাধারে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন, তাঁর মধ্যে তিনি একজন। একবার প্রেস কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।
২৬ বছর আগে আমি যখন সাংবাদিক ইউনিয়নে যুক্ত হই, তখন থেকেই উনাকে বিভিন্ন জাতীয় দিবসে পাশে পেতাম। আমাদের এই সিনিয়ররা প্রাণিত করতেন। উনার বা উনাদের মত সিনিয়রদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।
আমার প্রজন্মের রিপোর্টারদের মধ্যে আমি সেই সৌভাগ্যবান, তাঁকে মাঠপর্যায়েই রিপোর্টিং এ সক্রিয় পেয়েছি। কখনো লালদীঘির জনসভা কাভারেজ, কখনো জেলা আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির সভায় পেশাগত কারণে আমরা পাশাপাশি বসেছি। তিনি যেতেন আজাদী থেকে , আমি যেতাম পূর্বকোণের হয়ে।

চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে হাতে গোনা খুব কমই রয়েছেন, যারা কালচারাল বিট করেছেন। তিনি এ ক্ষেত্রে পথপ্রদর্শক এর মত। তিনি অবশ্য যতোটুকু কালচারাল বিটৈ লিখেছেন, তা থেকে বেশি সরাসরি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থেকেছেন।
২০১১ সালের ভাষার মাসে আমার গবেষণা গ্রন্থ ‘ভাষার লড়াই’ যেদিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে মোড়ক উন্মোচন হয়, সেদিন মঞ্চে তৎকালীন মন্ত্রী ডা. আফসারুল আমিন , এমপি নুরুল ইসলাম বিএসসি ( পরবর্তী মন্ত্রী) মেয়র এম মঞ্জুর আলম সহ সম্মানিত অতিথি হিসেবে ভাষা সংগ্রামী ওবায়দুল হকও উপস্থিত ছিলেন। একই পেশার এবং একই সংগঠনের একজন সিনিয়র ও ভাষা সংগ্রামীর উপস্থিতি সেদিন আমাকে অনেক বেশি প্রাণিত করেছিল।

সংস্কৃতি অনুরাগী বা সংস্কৃতিজন সাংবাদিক হিসেবে ওবায়দুল হক সাহেব আমার কাছে বরাবরই আকর্ষণের প্রধান কারণ। তিনি মুক্তিযুদ্ধের পূর্বে জাগরণের দিনগুলোতে সভা সমাবেশে দেশাত্মবোধক গানে যুক্ত থাকতেন। আদিবাসীদের সাথেও তাঁর সম্পর্ক ছিল নিবিড়। আমার বন্ধুজন লন্ডন প্রবাসী চট্টগ্রামের কন্যা, আলোচিত শিল্পী শিরিন দেশে এলে একবার প্রেসক্লাবে ওবায়দুল হক সাহেবের সাথে সাক্ষাৎ করিয়েছিলাম।

জীবন সায়ান্হে একাধিক দফায় শারীরিকভাবে অন্তিম সংকটে পড়েন। হাসপাতালে ভর্তি হন। প্রতিবারই তাঁকে আমি দেখতে যাই। শেষ বারে আইসিইউ এর বাইরে থেকে তাঁর অন্তিম মুহূর্তটা আমার মুঠোফোনে ধরে রাখতেও চেয়েছি।
মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ কয়েক সেকেন্ডের বেশি নয়। কিন্তু তাঁকে অন্তরে ধারণ করার চেষ্টা করেছি।

মহান রাব্বুল আলামিন এই পিতা পুত্র দুই সাংবাদিকের
রুহের মাগফেরাত দান করুন। আমিন।

— রিয়াজ হায়দার চৌধুরী,
সভাপতি,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa