- - -

চূড়ান্ত লড়াইয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত: নানক

Print News

চূড়ান্ত লড়াইয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত লড়াইয়ে প্রয়োজন হলে তিনি মৃত্যুকেও আলিঙ্গন করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, তিনি ভীত হয়ে পালিয়ে আসেননি, বরং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে লড়াইয়ের জন্য ‘কৌশলগত কারণে’ স্থান পরিবর্তন করেছেন।

এক বিশেষ সাক্ষাৎকারে জাহাঙ্গীর কবির নানক বর্তমান পরিস্থিতি এবং নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমি কোনো ভীত বা সন্ত্রস্ত ব্যক্তি নই। আমি শুধু পরিস্থিতির আলোকে কৌশলগত কারণে স্থান পরিবর্তন করেছি।”

এই প্রবীণ নেতা আরও বলেন, দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, তখন জীবন উৎসর্গ করতেও তিনি দ্বিধা করবেন না। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, “আমি আরেকটি চূড়ান্ত লড়াই করে আমার যদি মৃত্যু হয়, সেই মৃত্যুকেও আমি আলিঙ্গন করে নেব। আমি স্বাগত জানাবো।”

তিনি তার এই সম্ভাব্য আত্মত্যাগকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বলেন, “আমি ভাবলাম, ‘৭১-এ যে নানকের মৃত্যু হয়নি, সে নানক একটি দেশের চূড়ান্ত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর যখন আঘাত এসেছে, সেই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আবার জীবন দিয়ে গেল।” এমন আত্মত্যাগে তার পরিবার গর্ববোধ করবে বলেও তিনি বিশ্বাস করেন। নানক বলেন, “আমার পরিবারের সকল সদস্য এতে অত্যন্ত গর্ববোধ করবে, আমি মনে করি।”

গত ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি অভিযোগ করে বলেন, “অবৈধ ইউনুস সরকারের প্রত্যক্ষ মদদে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, জামাত-শিবির ও বিএনপি আমাদের নেতাকর্মী এবং তাদের পরিবারের ওপর গুম, খুন, বিচারবহির্ভূত নির্যাতন ও গণগ্রেফতার চালিয়েছে। এমনকি কারাগারেও পৈশাচিক নির্যাতন করে এবং চিকিৎসা বঞ্চিত করে হত্যা করা হচ্ছে।”

তিনি বলেন, এই পরিস্থিতিতে তাদের সামনে দুটি পথ খোলা ছিল। “এক, অন্যায়ের সঙ্গে আপস করে নীরব থাকা, অথবা দুই, ন্যায়ের পক্ষে থেকে সাময়িকভাবে কৌশলে সরে গিয়ে পরবর্তী লড়াইয়ের জন্য সংগঠিত হওয়া। আমরা ইতিহাস ও দেশের স্বার্থকে সামনে রেখে দ্বিতীয় পথটিই বেছে নিয়েছি।”

জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তার এবং তার দলের প্রস্তুতির ইঙ্গিত দেয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa