
কুমিল্লায় চোর সন্দেহে কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, র্যাবের জালে আটক-৩
কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর এলাকায় চোর সন্দেহে এক যুবককে ধরে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আসমান আলী (২৮), মো. আতিকুল ইসলাম (২৫) ও মো. সেলিম মোল্লা (২৩)।
এর আগে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০ টায় রাতে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
র্যাব সুত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে বুড়িচং থানার দেবপুর সাহাপাড়া এলাকায় স্থানীয় সাকু মিয়ার একটি কারখানায় এ নির্যাতনের ঘটনা ঘটে। চুরির অভিযোগে এক যুবককে আটক করে তার ওপর কুকুর লেলিয়ে দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বুড়িচং থানায় একটি মামলা হয়েছে।
![]()









