
শুভ মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা।
শ্রীমৎ উ গুণবর্ধন পঞ্ঞা মহাথের
পবিত্র এই দিবসে পরম পূজনীয় গুরুভন্তে কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহাসিক রাম জাদীতে মধু পায়েস ছোঁয়াইং ও শতব্যঞ্জন দিয়ে স্যাবাইক পূর্ণ ছোঁয়াইং সহ মধু, স্যাবাইক পূর্ণ ভাত ছোঁয়াইং, স্যাবাইক পূর্ণ সেমাই ছোঁয়াইং, স্যাবাইক পূর্ণ পিঠা ছোয়াঁইং স্যাবাইক পূর্ণ ফল ছোঁয়াইং, আমলকি, বহেড়া, হরিতকী ইত্যাদি উপকরণ দ্বারা ত্রিরত্নকে সকাল নয়টার সময় পূজা করা হবে। আগামীকালের এই পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে অপ্রমেয় অপ্রমেয় পুণ্য সঞ্চয় করুন।
মধু পূর্ণিমার তাৎপর্য ও পটভূমি –
তথাগত বুদ্ধের পারিল্যেয় বনে ১০ম বর্ষাযাপন:
জাতকাদি গ্রস্থে বর্ণিত আছে যে, ভগবান বুদ্ধ কৌশাম্বীর ঘোষিতরামে অবস্থান করার সময় এক সংঘারামে ২ জন ভিক্ষু বাস করতেন। একজন বিনয়, অপরজন সৌত্রান্তিক। সৌত্রান্তিক একদিন পায়খানায় গমন করিয়া সৌচের অবশিষ্ট জল পাত্রে রেখে আসেন অল্পক্ষণ পরে বিনয়ধর পায়খানায় গিয়ে রেখে আসা অবশিষ্ট জল দেখে সৌত্রান্তিক ভান্তেকে বললেন, আপনি কি পাত্রে জল রেখে এসেছেন জবাব দিলেন হ্যাঁ বন্ধু। তাতে যে অপরাধ হয় সেই বিষয় কি আপনার জানা আছে? আমি তা মনে করি না বন্ধু। এইরূপ করলে কিন্তু অপরাধ হয়ে থাকে। সৌত্রান্তিক বললেন যদি অপরাধ হয় তাহলে আমি তার প্রতিকার করব। যদি ভুলবসত করেন তা হলে অপরাধ হবে না। সৌত্রান্তিক তার সে অপরাধকে অপরাধ মনে করলেন না, প্রথমে ভুল হয়েছে বলে স্বীকার করলেও পরে তাও অস্বীকার করলেন। এতে বিনয়ধর তার শিষ্যগণকে সৌত্রান্তিক ভিক্ষুর বিয়ন বিরুদ্ধ আচরণের বিষয় জানালেন। তখন সেই শিষ্যেরা আবার সৌত্রান্তিক ভিক্ষুর শিষ্যদের নিকট গিয়ে বলতে লাগলেন তোমাদের গুরু অপরাধ নিরাপরাধ বুঝে না। শ্রামণ্য ধর্মের নিয়ম-কানুন বুঝেন না ইত্যাদি বলে সৌত্রান্তিক ভিক্ষুর নিন্দা করতে লাগল। সৌত্রান্তিক ভিক্ষুর শিষ্যেরাও তাদের গুরুর নিন্দা সহ্য করতে না পেরে তাদের গুরু বিনয়ধরের নিন্দা করতে লাগলেন। এভাবে উভয় গুরুর শিষ্যের পরস্পর পরস্পরের প্রতি দুর্ব্যবহার করতে লাগল। মিথ্যাবাদী অবিনয়ী অধার্মিক অপরাধী ইত্যাদি ভাষা ব্যবহার করে কলহ শুরু করে দিলেন। ক্রমে এই কলহ গুরুতর আকার ধারণ করল। বিষয়টি ভগবানের কর্ণগোচর হলে ভগবান উভয়কে ডেকে ঝগড়া-বিবাদ পরিহার করে সংঘের শৃঙ্খলা বজায় রাখার জন্য উপদেশ প্রদান করেন। কিন্তু ভিক্ষুরা বুদ্ধের উপদেশ উপেক্ষা করে একদল অন্যদলের সঙ্গে আহার বিহার ও বিনয় সম্বন্ধীয় কার্যাদি হতে বিরত রইলেন। একদল সীমার অভ্যন্তরে অন্যদল সীমার বাইরে সংঘকর্ম করতেছিল। একজন অন্যজনকে বাক্যবাণে বিদ্ধ করছিলেন, এমতাবস্থায় বুদ্ধ আবারও উভয়ের কাছে সংঘের একতা, সংঘভেদের অপকারিতা বিষয়ে জ্ঞান দান করেন। যাতে সংঘের শৃঙ্খলা বিনষ্ট না হয় পরস্পরের মধ্যে সৌহার্দ্য স্থাপনের পরামর্শ দিলেন। বিবাদ বিসম্বাদ মনে না রাখার জন্য উপদেশ দিলেন এবং এই প্রসঙ্গে দীর্ঘ কারায়ণের নাতিদীর্ঘ কাহিনী শুনালেন। এতে ভিক্ষুরা ভগবানকে এ ব্যাপারে নীরবতা পালন করার জন্য আহ্বান জানালে ভগবান আক্ষেপ করে বললেন, অহো ভিক্ষুসংঘ বিভক্ত হয়ে পড়ল, অহো ভিক্ষুসংঘ বিভক্ত হয়ে পড়ল। অতঃপর ভগবান কৌশাম্বী এই কলহপ্রিয় ভিক্ষুর সঙ্গ ত্যাগ করে একাকী বাস করার সিদ্ধান্ত নিলেন এবং পূর্বাহ্নে পাত্র চীবর নিয়ে একাকী কৌশাম্বীতে ভিক্ষান্ন সংগ্রহ করে আহারকৃত সমাপন করে পারিল্যেয় বনের উদ্দেশ্য যাত্রা করলেন। পথিমধ্যে বালক লোংকার নামক গ্রামে আয়ুষ্মান ভৃগু অবস্থান করছিলেন। তাহার সাথে কুশল বিনিময় করে বুদ্ধ প্রাচীন বংশদাব নামক স্থানে অনুরুদ্ধ, নন্দিয় ও কিম্বিল নামক যশস্বী ভিক্ষুত্রয়কে ধর্ম উপদেশ প্রদান করে ক্রমে বিচরণ করতে করতে পারিল্যেয় বনে প্রবেশ করলেন। বনে প্রবেশ করে রক্ষিত বনখন্ডে ভদ্রশাল বৃক্ষমূলে অবস্থান গ্রহণ করেন। সেই অবস্থানে ধ্যানস্থ হয়ে তিনি মনে মনে এ বলে সন্তোষ প্রকাশ করেন যে, বহুবাক্য ব্যয়ী, বৃথাবাক্যব্যয়ী, বিবাদকারী, কলহকারী কৌশাম্বীর ভিক্ষুগণ হতে পৃথক হয়ে আমি অত্যন্ত সুখে অবস্থান করছি।
হস্তীরাজ কর্তৃক সেবা দান ও বানর কর্তৃক মধুদান:
সেই সময়ে একটি হস্তীরাজ তার দলের হস্তী, হস্তীনি ও হস্তী শাবকদ্বারা উপদ্রুত হয়ে যুথ পরিত্যাগ পূর্বক একাকী বিচরণ করার মানসে পারিল্যেয় বনে ভদ্রসাল বৃক্ষমূলে ভগবানের নিকট উপস্থিত হল। হস্তীরাজ মনে মনে চিন্তা করছিল হস্তী-হস্তীনি যুবক হস্তী ও হস্তীশাবকেরা প্রতিনিয়ত আমাকে নানাভাবে উৎপীড়ন করত, আমার আহার বিহার বিঘ্ন সৃষ্টি করত, আমার নির্দেশ অমান্য করে যত্র-তত্র গমনাগমন করত তাদের থেকে পৃথক হয়ে আমি নিরাপদে স্বচ্ছন্দে অবস্থান করছি। ভগবান বুদ্ধ জ্ঞান দ্বারা হস্তীর মনোভাব অবহিতি হয়ে এই উদান গাথা উচ্চারণ করলেন-
১) ঈষাদন্ত দীর্ঘদন্ত হস্তী নাগসনে
২) সম্বুদ্ধ মিলায় চিত্ত আপন জীবনে
যেহেতু উভয়ে রমে একা এই বনে।
বুদ্ধকে দেখে অত্যন্ত আনন্দিত চিন্তে হস্তীরাজ মনে প্রাণে বুদ্ধের সেবা করতে লাগল। শুন্ডদ্বারা ভগবানের জন্য পানীয় ও পরিভোগ্য জল আহরণ করে রাখত, পাথরে পাথরে ঘসে পাথর উত্তপ্ত হলে পানিতে সেই পাথরের টুকরা বার বার নিক্ষেপ করে গরম পানির ব্যবস্থা করে দিত। ভদ্রশাল বৃক্ষের চারিদিকে স্থান শুন্ডদ্বারা তৃণহীন করে দিত। বনের বিভিন্ন ফল সংগ্রহ করে ভগবানকে দান দিত। হস্তীরাজের এই সেবা কার্য একটি বানরের দৃষ্টি আকর্ষণ করল তার মনেও বুদ্ধকে কিছু দান করার ইচ্ছা জাগ্রত হল। বানর বনে বনে বিচরণ করতে করতে মৌমাছিবিহীন এক মৌচাক দেখতে পেল, সেই মৌচাক এনে বুদ্ধকে দান দিল। বুদ্ধ বানরের সেই দান গ্রহণ করল এবং মধু পান করল। বানর তার দেয়া মৌচাক থেকে মধু খেতে দেখে ভীষণ উৎফুল্ল হয়ে লাফালাফি শুরু করল। এটাকে একটি উপযুক্ত দানীয় সাসগ্রী মনে করল।
১) ঈষাদন্ড-রথদন্ডের ন্যায় দীর্ঘদন্ত।
২) সম্বুদ্ধ-বুদ্ধরূপী নাগরাজ।
বানরের এই মধুদান স্মরণে এই ভাদ্র পূর্ণিমার আর এক নাম মধু পূর্ণিমা। এই পূর্ণিমার দিনে সকল বৌদ্ধ উপাসক-উপাসিকারা মধুদান করে থাকেন। বিহারে গিয়ে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ করেন। সাধারণ ইতর প্রাণীর দান ও সেবার মহিমায় দিনটি বৌদ্ধদের কাছে অত্যন্ত স্মরণীয়।
এভাবে হস্তীরাজের অতিথিরূপে ভগবান পরম সুখে পারিল্যেয় বনে ১০ম বর্ষা অতিবাহিত করছিলেন। বুদ্ধের প্রধান সেবক আনন্দ স্থবির গভীর মনোবেদনা নিয়ে ৫০০ জন ভিক্ষুসহ বুদ্ধ দর্শনে পারিল্যেয় বনে আসেন। স্থবির আনন্দ বুদ্ধকে শ্রাবস্তীতে নিয়ে যাবার জন্য অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রার্থনা জানাল। ভদন্ত আনন্দের প্রার্থনা শুনে বু্দ্ধ ধর্মপদের ৩৩০ নম্বর এই গাথাটি ভাষন করলেন।
একসস চরিতং সেয়্যো
নত্থিবালে সহায়তা
একো চরে ন চ পাপানি করিরা
অপ্পোসসুক্কো মাতঙ্গরঞ্ঞেব নাগো
একাকী বাস করাই শ্রেয়স্কর, মূর্খের সঙ্গে বাস করায় সহায়তা লাভ হয় না। একাকী বাস করবে কোনরূপ পাপাচরণ করবে না, মাতঙ্গ হস্তী যেমন বনে একাকী বিচরণ করে তদ্রুপ অল্প উৎসুক নিরাসঙ্গ ও নিরাস্থায়ী হয়ে বাস করবে। তথাগত বুদ্ধ ভগবান আনন্দকে আর বললেন আনন্দ যদি পণ্ডিত প্রজ্ঞাবান ও মৈত্রপরায়ণ ব্যক্তির সাহচর্য্য লাভ কর তাহলে সিংহ, ব্যঘ্র প্রবৃতি দৃশ্যমান এবং রাগ-দ্বেষাদি অদৃশ্যমান উপদ্রব পরিহার করে আনন্দিত চিত্তে তার সহিত বাস করা উচিৎ। আর যদি সেরকম ব্যক্তি পাওয়া না যায় তাহলে একাকী বিচরণ করবে তবুও পাপাচরণত দুঃশীল ও মূর্খের সঙ্গে বাস করবে না। অতঃপর বুদ্ধ বর্ষাযাপন শেষে বিচরণ করতে করতে শ্রাবস্তীর জেতবন বিহারে এসে উপস্থিত হলেন। কৌশাম্বীর ও শ্রাবস্তীর শ্রদ্ধাবান উপাসক-উপাসিকাবৃদ্ধ বুদ্ধের অদর্শনে ভিক্ষুসংঘের উপর ভীষণ অসন্তুষ্ট হয়ে সিদ্ধান্ত নিলেন যে, আমরা ভিক্ষুগণকে ভিক্ষা প্রদান কিংবা মান্য করব না। অঞ্জলি কর্ম কিংবা দেখিয়াও সম্মান প্রদর্শন করব না। অভিবাদন কিংবা কুশল প্রশ্ন জিজ্ঞাসা করব না ভিক্ষুরা আমাদের অনর্থকারী তাদের কারণেই ভগবান পারিল্যেয় বনে চলে গিয়াছেন এভাবে দায়ক-দায়িকারা যখন ভিক্ষুদের উপর অসন্তুষ্ট হয়ে সহযোগিতা ও চতুপ্রত্যয় প্রদান হতে বিরত রইলেন তখন কৌশাম্বীবাসী ভিক্ষুগণ যারা পরস্পর কলহে লিপ্ত হয়েছিল তারা জনসাধারণের মান গৌরব পূজা দান সৎকার হতে বঞ্চিত হয়ে জেতবনে ভগবানের কাছে এসে উপস্থিত হলেন। সংঘ সম্মেলনের মাধ্যমে সংঘ ব্যবস্থান এবং সংঘ পার্থক্য বন্ধ হল।
মধু দানের ফল—
১। প্রবল প্রতাপশালী ক্ষমতার অধিকারী হয়।
২। অধীনস্থগণ সুবাধ্য থাকে।
৩। অগণিত জন্ম দেবরাজ ইন্দ্র হওয়ার হেতু উৎপন্ন হয়।
৪। অগণিত জন্ম রাজা হওয়ার হেতু রচিত হয়।
৫। বলবান হয়।
৬। বর্ণ উজ্জ্বল হয়।
৭। শারীরিক ভাবে সব সময় সতেজ ও উৎফুল্ল থাকে।
৮। রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকে।
৯। অন্তরায় উপদ্রব থেকে মুক্ত থাকে।
১০। অরহত্ব মার্গফলের অধিকারী হয়।
পবিত্র মধু পূর্ণিমায় আপনিও মধু দান উপরে উল্লেখিত পুণ্যরাশি অধিকারী হতে পারেন।
সম্যক সম্বুদ্ধকে, পরিনির্বাণ প্রাপ্ত বুদ্ধকে, কিংবা বুদ্ধের ধাতু জাদী, ধর্মজাদী, উদ্দেশ্য জাদী, পরিভোগ জাদী নামক বুদ্ধকে ও অনুত্তর পুণ্যক্ষেত্র সংঘকে প্রসন্ন চিত্তে শ্রদ্ধা সহকারে দান করলে দানের ফল হয় অচিন্তনীয় ও অপ্রমেয়।
~ শ্রীমৎ উ গুণবর্ধন পঞ্ঞা মহাথে
![]()









