
দিনাজপুরের বিরল জিবন মহলে হামলা ও ভাঙচুর
দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন মোড় এলাকায় বিনোদন পার্ক ও পিকনিক স্পট ‘জীবন মহলে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ইসলামবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে এই হামলা চালানো হয় বলে পার্ক কর্তৃপক্ষের অভিযোগ।
এ সময় পার্ক কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।
জানা গেছে, ১৭ আগস্ট পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নারী, পুরুষসহ সাতজনকে কারাদণ্ড এবং পার্কের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসন।
এ ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুরের পর থেকে পার্কের মালিক জীবন চৌধুরীর অনুসারীরা প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশ করছিলেন। একই দিনে সেখানে জীবন চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভসমাবেশ ডাকে তৌহিদী জনতা। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তৌহিদী জনতার ব্যানারে উপস্থিত লোকজন পার্কের ফটক ভেঙে ভেতরে ঢুকে যান। তখন কিছু বিক্ষোভকারীরা চেয়ার-টেবিল, পার্কের বিভিন্ন মালামাল ও শিশুদের বিভিন্ন খেলনা ভাঙচুর করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। পরে তৌহিদী জনতার অনুসারীরা জীবন চৌধুরীর গ্রেপ্তারের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। বিকেল সাড়ে ৫টার দিকে প্রশাসনের আশ্বাসের সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে উপস্থিত মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ‘জীবন চৌধুরী দীর্ঘদিন ধরে জীবন মহলে অসামাজিক কাজ ও দরবার শরিফের নামে ইসলামবিরোধী কার্যকলাপ করছেন। আমরা শুধু শান্তিপূর্ণ প্রতিবাদে গিয়েছিলাম, কিন্তু তিনি তাঁর লোকজন লেলিয়ে দিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের সাতজন আহত হয়েছেন।’
![]()









