- - -

১৯ জুলাই ২০২৪। নরসিংদী কারাগার আক্রমনঃ অস্ত্র লুট, জঙ্গী সহ ৮২৬ কয়েদীর পলায়ন

Print News

১৯ জুলাই ২০২৪। নরসিংদী কারাগার আক্রমনঃ অস্ত্র লুট, জঙ্গী সহ ৮২৬ কয়েদীর পলায়ন

 

নরসিংদী জেলা কারাগারটি শহরের ভেলানগরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। এই ভেলানগর ও জেলখানা মোড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরেই লাগাতার বিক্ষোভ-সমাবেশ করছিলেন।

আজও একইভাবে বিক্ষোভ সমাবেশ চলছিল। বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই আন্দোলনকারীরা কারাগারের দিকে এগোতে থাকে। তারা গিয়ে সেখানে প্রথমে ইট-পাটকেল, পেট্রলবোমা নিক্ষেপ করে। হামলাকারীদের প্রায় সবার হাতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় প্রাথমিকভাবে কারারক্ষীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

কিন্তু এক পর্যায়ে কারারক্ষীরা পিছু হটে। তখন হামলাকারীরা কারাগারের দুই দিকের ফটক অনেকটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং অগ্নিসংযোগ করে। এ সময় হামলায় চার কারারক্ষী গুরুতর আহত হয়। পরে কারারক্ষীরা নিরুপায় হয়ে জেলখানার ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন। জেল কোড অনুযায়ী, গুলি করার নিয়ম থাকলেও তা করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মূল কারাগারের ভেতরে ঢুকে সেলগুলো শাবল ও লোহার জিনিসপত্র দিয়ে ভেঙে কয়েদিদের পালিয়ে যেতে সাহায্য করে। কিছু কারারক্ষীর কাছ থেকে চাবি নিয়েও সেলের তালা খোলা হয়।

খুব অল্প সময়ের মধ্যেই কয়েদিরা সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের নয় সদস্য ছিল; যাদের মধ্যে দুজন নারী। কোনো কোনো সাধারণ কয়েদি পালিয়ে যেতে না চাইলে তাদের মারধর করে জেল থেকে বের করে দেওয়া হয়। সাজাপ্রাপ্ত বন্দিরা কারাগারের পোশাক নিয়েই পালিয়ে যায়।

কারারক্ষীরা পিছু হটার পর অস্ত্রভাণ্ডার ভেঙে হামলাকারীরা কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও আট হাজারের বেশি গুলি ছিনিয়ে নেয়। এর মধ্যে সাত হাজার রাইফেলের এবং শটগানের গুলি রয়েছে এক হাজার ৫০টি। এ সময় কারাগারের ভেতরে কয়েদিদের থাকা খাবারও লুট করা হয়। বন্দিদের কাছে থাকা টাকাও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

কারাগারের ভেতরে কর্মকর্তা ও কারারক্ষীদের থাকার কোয়ার্টার ও ব্যারাক রয়েছে। সেসব আবাসিক ভবনে অনেকে পরিবার নিয়েও থাকেন। হামলাকারীরা সেসব ভবনেও হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। লুটপাটও চালানো হয়। হামলার সময় পুরো আবাসিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের পরিবার আবাসিক এলাকার ভেতরে মসজিদে গিয়ে আশ্রয় নেয়। সেখানেও হামলার চেষ্টা চালানো হয়।

সূত্র- সময় নিউজ, ২১ জুলাই২০২৪। বিডিনিউজ২৪,২৪শে জুলাই ২০২৪।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa