- - -

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা: ৩৭৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৪

Print News

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা: ৩৭৪ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২৪

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করার ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৭৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন।

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই নূর আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন: ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি লেবু মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, মহেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান লুথু, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, সিংগা ইউপি চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান প্রণব সরকার, পারুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোকিমুল ইসলাম মকিম প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী উপজেলার মাজরায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। এছাড়াও তারা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে, এতে জনমনে ভীতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা বাধাগ্রস্ত করতে গোপালগঞ্জ, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেওয়া হয়। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক দেখা দেয়। এ ঘটনায় কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২ হাজার ২৯ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa