
দেশের প্রাচীনতম ভারী শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত কর্ণফুলী জুটমিল তীব্র নদী ভাঙ্গণের কবলে পড়েছে। ইতিমধ্যেই জুটমিলের প্রায় আধাকিলোমিটার অংশজুড়ে তীব্র ভাঙ্গনে ধসে পড়তে শুরু করেছে সীমানা প্রাচীর, ভাঙনে বিলীন হয়েছে শ্রমিক কলোনীর বেশ কয়েকটি ঘর এবং ফাঁটল ধরেছে তিনতলা বিশিষ্ট একটি অফিসার্স ভবন। প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে ভাঙনে বিলীন হয়ে যাবে কর্ণফুলী জুট মিলের বিস্তৃর্ণ এলাকা। এতে সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংসের কবলে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
জানা যায়, ৬০ বছর আগে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী জুট মিলস লিমিটেড রাষ্ট্রয়ত্ব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ২৬টি মিলের মধ্যে এবং চট্টগ্রাম অঞ্চলের ১০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম প্রধান পাটকল।
২০২২ সালের ফ্রেব্রুয়ারি মাসের দিকে এটি ২০ বছরের জন্য বেসরকারি খাতে বরাদ্দ পায় ইউনিটেক্স গ্রুপ। বর্তমানে ৪৭ একর আয়তনের এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে ১ হাজার এর উপরে শ্রমিক। যেখানে দুটি শিপটে দৈনিক ১৫ টনের উপর জুট থেকে সুতা উৎপাদিত হয়। যা চীন, ইন্দোনেশিয়া, ইরান, টার্কি, ভিয়েতনামসহ বিশ্বের ১২টি দেশে রপ্তানি করে মূল্যবান বৈদিশিক মুদ্রা অর্জিত হচ্ছে। পর্যায়ক্রমে কার্পেট, জুট ব্যাগসহ আরও বিভিন্ন উপকরণ উৎপাদনের প্রক্রিয়া চালাচ্ছে বেসরকারি এই শিল্প প্রতিষ্ঠানটি। কিন্তু চলমান বর্ষায় নদী ভাঙনের তীব্রতা শুরুর পর থেকে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা হতাশ হয়ে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্ণফুলী নদীপাড়ের প্রায় এক কিলোমিটার অংশজুড়ে প্রতিষ্ঠিত জুটমিলের বিস্তৃর্ণ এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই জুটমিল সীমানার বাইরে নদী পাড়কেন্দ্রিক সড়কটির আধাকিলোমিটার অংশ ভেঙে বিলীন হয়ে স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে গেছে। এখন কয়েক স্থান দিয়ে সীমানা প্রাচীর ভাঙতে শুরু করেছে। ভাঙনে বিলীন হয়ে গেছে বেশ কিছু শ্রমিক কলোনীর বসতঘর। কলোনীতে থাকা আরও অন্তত ৪০টি ঘরও এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে নদীপাড়ে স্থাপিত তিন তলাবিশিষ্ট একটি অফিসার্স ভবনও ভাঙনের কবলে পড়ে ফাটল দেখা দিয়েছে। শুধু জুটমিল অংশেই নয়, কর্ণফুলী নদীর অপর পাড়ে সরফভাটা এবং বেতাগী দিয়েও তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা।
জুটমিলের প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, প্রতিষ্ঠানের শুরু থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে সরকারের রাজস্ব বাড়াচ্ছি। পাট-শিল্পকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রীর যে উদ্দ্যেশ্য ছিল আমরা সে আলোকে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে এখানে প্রায় ১ হাজার শ্রমিক কর্মরত আছে। তাদের জন্য রাখা আবাসিক অঞ্চলটি নদীর তীরবর্তী স্থানে। বর্তমানে এটি তীব্র ভাঙনের শিকার হচ্ছে। রাষ্ট্রের এই শিল্প প্রতিষ্ঠান রক্ষার ব্যাপারে আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
এই বিষয়ে কথা হয় ইউনিটেক্স জুট ইন্ড্রাট্রিজ গ্রুপের ডিজিএম মো. ফখরুদ্দিন এসিএ বলেন, ফ্যাক্টরির দুই পাশে ব্লক স্থাপন করা হলেও ফ্যাক্টরি এরিয়াতে ব্লক বসানো হয়নি। এখানে কর্মরত অনেক শ্রমিক আবাসিক হিসেবে থাকে, যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে শ্রিঘ্রই অনেক আবাসিক ভবন নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি (পউর) বিভাগের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রীপুরার সাথে যোগাযোগ করা হলে ভাঙন প্রতিরোধে ইতিমধ্যেই ব্লক স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান। রাঙ্গুনিয়ার সাংসদ মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মহোদয়ের নির্দেশে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি দিয়ে রাঙ্গুনিয়ার শতভাগ এলাকা নদীভাঙন মুক্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
![]()









