- - -

কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

Print News

ঢাকার কেরানীগঞ্জে হাত-পা বেঁধে বাসায় এক মাস ধরে আটকে রেখে এক কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মামলা নিতে দেরি করার অভিযোগও উঠেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক এসআই এর বিরুদ্ধে, যা খতিয়ে দেখার কথা জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ শাহজামান।
শুভাঢ্যা ইউনিয়নের গোলামবাজার রোডের ওই বাসার গৃহকর্তা স্বপন ও তার স্ত্রী নাসরিন আক্তারকে গত রোববার গ্রেপ্তার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। ২১ আগস্ট সোমবার তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়েছেন বলে জানিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক (অপারেশন) শরজিৎ কুমার ঘোষ।
ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, বাড়িতে দিনের পর দিন বন্দি করে রাখার সময় তার গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেছেন গৃহকর্তা স্বপন ও তার স্ত্রী নাসরিন। তারা শুধু রাতে একবেলা খাবার দিতেন।
কিশোরীর জানান, এক বছর আগে ওই বাসায় মেয়েকে কাজে দেন। প্রথম পাঁচ- ছয় মাস খুব ভালো আচরণ করেন। এরপরই শুরু হয় নির্যাতন।

তার অভিযোগ, “মেয়ের উপর নাসরিনের স্বামী স্বপনের কুনজর পরলে সে আমার মেয়েকে কুপ্রস্তার দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ার চুরির মিথ্যা অপবাদ দিয়ে স্বপন ও তার স্ত্রী আমার মেয়ের হাত-পা বেঁধে এক মাস ধরে একটি কক্ষে তালা দিয়ে বন্দি করে রাখে।”

কিশোরীর মা ৮ অগাস্ট তার মেয়েকে উদ্ধারের নেতৃত্বে থাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ দলের এসআই নাসিরুজ্জামানের বিরুদ্ধে এ ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ আনেন। তিনি পরের দিন থানায় অভিযোগ দিতে চাইলেও ওই এসআই তা নেননি। উল্টো অভিযুক্তদের কাছ থেকে ‘টাকা নিয়ে’ আইনি ব্যবস্থার বদলে আপোষ-মীমাংসার প্রস্তাব দেন বলে অভিযোগ তার।
অভিযোগ অস্বীকার করে এসআই নাসিরুজ্জামান বলেন, “সেদিন আমি ওই এলাকায় ডিউটিতে ছিলাম। থানার ডিউটি অফিসার আমাকে বিষয়টি জানালে আমি তাৎক্ষনিকভাবে ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের সঙ্গে যোগাযোগ করে তাকে জিজ্ঞাসা করি আপনি মামলা করবেন কি না। তখন তিনি আমাকে জানান, ‘আমি-মামলা টামলা কিছু করব না। কোনো ঝামেলায় জড়াব না। শুধু আপনি আমার মেয়েকে উদ্ধার করে দিন’।
উদ্ধারের সময় কিশোরীর শরীরে নির্যাতনের চিহ্ন থাকার পরও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে তিনি বলেন, “আমার সঙ্গে কোনো নারী পুলিশ সদস্য না থাকায় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কি না তা দেখতে পারিনি। আর তার মা তো আমাকে আগেই বলেছিল সে কোনো মামলার ঝামেলায় যাবে না। তাই এতটা গুরুত্ব দেইনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, অভাবের তাড়নায় ওই কিশোরী ওই দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছিলেন। তাকে আটকে রেখে ওই দম্পতি মধ্যযুগীয় কায়দায় যেভাবে নির্যাতন করেছে এটা সত্যিই দুঃখজনক।
“রোববার ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে আমি নিজে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দম্পতিকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa