
চট্টগ্রামে নিউক্লিয়াসের প্রধান সংগঠক ও
স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদ
নাসিরুদ্দিন চৌধুরী
চট্টগ্রামে ছাত্রলীগের প্রকৃত জয়যাত্রা আরম্ভ হয় ষাটের দশকে। ছাত্রলীগের জন্ম ৪৮ খ্রিস্টাব্দে এবং প্রায় পিছু পিছু চট্টগ্রামেও ছাত্রলীগের কমিটি গঠিত হলেও তার কর্মকাÐ না ছাত্র, না জনগণের তেমন নজর কাড়তে পারে নি। বরং চার বছর পরে ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফল হিসেবে ১৯৫২ খ্রিস্টাব্দে গঠিত ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির সমর্থনপুষ্ট হয়ে অনেকটা এগিয়ে যায়। চট্টগ্রামে যারা আওয়ামী মুসলিম লীগ গঠন করেন, (মুসলিম) ছাত্রলীগ গঠনের উদ্যোক্তাও ছিলেন তাঁরাই। এম এ আজিজ, জহুর আহমদ চৌধুরী, মওলানা এ আর চৌধুরী, সালারে জিলা শেখ মোজাফফর আহমদ, মওলানা এ কে এম আবু তাহের, ইউনুছ খান, মওলানা ছালেহ জহুর, ডা. শামসুল আলম চৌধুরী, আমীর হোসেন দোভাষ প্রমুখকে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। কিন্তু ছাত্রলীগ প্রতিষ্ঠার পরবর্তী বছর দেড়েক সময়ের ব্যবধানে ২৩ জুন, ১৯৪৯ আওয়ামী লীগ গঠিত হলে উপরোল্লিখিত নেতৃবর্গ নবগঠিত রাজনৈতিক দল নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়ে রইলেন যে, ছাত্রলীগের দিকে দৃষ্টি দেবার ফুরসৎ আর তাঁদের হলো না। ফলে এম এ আজিজের ছোট ভাই এম এ হালিমের ওপরই বৃহত্তর চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব অর্পিত হলো। তিনি একাই টেকনাফ থেকে শুভপুর পর্যন্ত ছাত্রলীগ সংগঠন গড়ে তুলবার কঠিন ব্রত নিয়ে ঘুরপাক খেতে থাকলেন। বায়ান্ন সালের দিকে অ্যাডভোকেট এ কে এম এমদাদুল ইসলাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত চট্টগ্রামে ছাত্রলীগ ছিলো এম এ হালিমের ওয়ান ম্যান শো। এমদাদ সাহেব ছিলেন মূলত কমিউনিস্ট পার্টির লোক। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ থাকায় পার্টি তাঁকে ছাত্রলীগে ঢুকে কাজ করার নির্দেশ দিলে তিনি ছাত্রলীগ সংগঠনে যুক্ত হন।
এমদাদ সাহেব পরে ছাত্রলীগের সভাপতি হন; এ সময় সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট রফিকুল আনোয়ার। ১৯৫৭ খ্রিস্টাব্দে রফিকুল আনোয়ার সভাপতি এবং বরমার সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নিযুক্ত হন। তবে শামসুদ্দিন আহমদও সম্ভবত ছাত্রলীগের কাভারে তমদ্দুন মজলিশ করতেন, আমি নিশ্চিত নই।
তারপর তো ৫৮ তে মার্শাল ল হয়ে গেলো। ৬১ পর্যন্ত সব ধরনের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ, রাজনৈতিক দল বেআইনী ঘোষিত, রাজনৈতিক দলের অফিস তালাবদ্ধ।
মার্শাল ল’র চার বছর ছাত্রলীগের সমস্ত সাংগঠনিক কর্মকাÐ স্থবির; সম্মেলনও হয়নি, কারণ সম্ভব ছিলো না। ফলে রফিকুল আনোয়ার-শামসুদ্দিনের কমিটি বহাল থেকে যায়। ৬১ তে রবীন্দ্র জন্মশতবার্ষিকী এবং ২১ ফেব্রæয়ারি পালন উপলক্ষে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে শিক্ষাঙ্গণে কিছুটা প্রাণের সঞ্চার হয় এবং ছাত্রদের মধ্যে নড়াচড়া আরম্ভ হয়। ১৯৬২ খ্রিস্টাব্দে অনেকগুলো ঘটনা ঘটে যায়। আইয়ুব খান এক ব্যক্তির রচিত তথাকথিত এক সংবিধান দিয়ে সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি পদ্ধতির শাসন কায়েম করেন। ১ মার্চ এই শাসনতন্ত্র ঘোষণা করা হলে তার বিরুদ্ধে পাকিস্তানব্যাপী বিক্ষোভ শুরু হয়।
৬২’র ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হলে তার বিরুদ্ধে প্রচন্ড ছাত্র বিক্ষোভ হয়। পূর্ব বাংলার ৯ নেতা ২৪ জুন এক যৌথ বিবৃতিতে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত গণপরিষদ কর্তৃক শাসনতন্ত্র প্রণয়নের আহবান জানান। ৮ জুন সামরিক আইন প্রত্যাহার করা হয়। ১৯ আগষ্ট সোহরাওয়ার্দীকে মুক্তি দেয়া হয়। সোহরাওয়ার্দী সাহেব বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে ৪ অক্টোবর এনডিএফ নামে একটি মোর্চা গঠন করে গণতন্ত্র পুরুদ্ধারের আন্দোলনে নামলেন। তবে ৬২’র বড় ঘটনা হচ্ছে ছাত্র আন্দোলন। শরীফ শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন।
সামরিক শাসনের সাময়িক নিষেধাজ্ঞা ছাত্রলীগকে নবরূপে আত্মপ্রকাশের জন্য শক্তি সঞ্চয়ের সুযোগ এনে দেয়। সত্যিই সামরিক শাসন উঠে গেলে যে ছাত্রলীগের জন্ম হয়, আগের ছাত্রলীগের সঙ্গে তার বিরাট ফারাক পরিলক্ষিত হয়। সামরিক শাসন-পূর্ব ছাত্রলীগ ছিলো কমিটি-নির্ভর, যে কমিটিও পূর্ণাঙ্গ ছিলো না, তার অনেক পদ ছিলো খালি। সমগ্র জেলায় ছিলো একটি কমিটি কিন্তু জেলা জুড়ে ছিলো না তার বিস্তার। সব থানায়ও কমিটি ছিলো না, ইউনিয়ন তো দূর। সামরিক শাসনের পর সম্মেলনের মাধ্যমে যে ছাত্রলীগের আবির্ভাব ঘটলো, তার দুটি কমিটি। জেলা রইলো কিন্তু তা থেকে শহর আলাদা করে একটি শহর কমিটি গঠিত হলো। ততদিনে কলেজেও ছাত্র সংগঠনের নামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি মিললো। যা’ ছাত্র সংগঠনের গতি ও তৎপরতাকে অনেক দূর বাড়িয়ে দেয়।
তখন কলেজে ভালো ছাত্রদের কদর। কলেজের অফিস থেকে তাদের ঠিকানা বের করে বাড়ি বাড়ি চড়াও হয়ে তাদের সঙ্গে খোশগল্প, খাতির জমিয়ে তাদেরকে ছাত্রলীগে দীক্ষা দান শুরু করলেন ছাত্রলীগ নেতারা। এ এক নতুন পদ্ধতি। নতুন ছাত্র সংগঠনের বিস্তার ঘটানোর জন্য এ পদ্ধতি বেশ কার্যকর প্রমাণিত হলো। মুরিদুল আলম, এম এ মান্নান, ফেরদৌস কোরেশী, আবু সালেহ-এঁরা অনেক মাথা খাটিয়ে ছাত্রলীগের বংশ বিস্তারের জন্য এই নতুন উপায়টি বের করলেন। এরা প্রত্যেকেই ভালো ছাত্র, তন্মধ্যে আবার মুরিদুল আলম ও ফেরদৌস কোরেশী অসাধারণ প্রতিভাবান ছাত্র, চট্টগ্রাম কলেজের সেরা ছাত্র হিসেবে সারা চট্টগ্রামে ছিলো তাদের নামডাক। নতুন কর্মী সংগ্রহে এই জোড়া ফলা নামিয়ে দিয়ে ছাত্রলীগ কৃতকার্য হয়েছিলো। এতেই শেষ নয়। বেশ আঁটঘাট বেঁধেই তারা নেমেছিলেন। কাজির দেউড়ির এখন যেখানে এপোলো শপিং সেন্টার, সেখানে এম এ মান্নানের বন্ধুদের একটি দোকান ছিলো, সেই দোকানে তাঁরা ছাত্রলীগের দপ্তর খুললেন। কফিলউদ্দিন, সিরাজুল ইসলাম চৌধুরী, লোকমানুল মাহমুদ, আবুল কালাম আজাদ, নুরুন্নবী চৌধুরী প্রমুখ তরুণতর ছাত্রলীগ নেতা বিভিন্ন কলেজের ভালো ছাত্রদের ফুসলিয়ে এনে কাজীর দেউড়ি ছাত্রলীগ অফিসে দাখিল করতেন। সেখানে দোকানের পেছনে চেয়ার নিয়ে বসতেন মুরিদুল আলম। তাঁদের রিক্রুটকৃত ভালো ছাত্রদের তাঁরা মুরিদুল আলমের হাতে সঁপে দিতে পারলে তাঁদের কাজ শেষ। অতঃপর মুরিদুল আলম নানা তথ্য, তত্ত¡, যুক্তি, উদাহরণ দিয়ে সেই ভালো ছাত্রদের দীক্ষা দিয়ে ছাত্রলীগের সদস্য করে নিতেন। এমনি করেই একদিন পটিয়া থেকে স্ট্যান্ড করা ভালো ছাত্র এসএম ইউসুফ চট্টগ্রাম কলেজে পড়তে এসে বাকলিয়ায় ছাত্রনেতা কফিলউদ্দিনের বাড়িতে লজিং থাকা শুরু করলে তাঁকে কফিলউদ্দিন কাজির দেউড়িতে ছাত্রলীগ অফিসের পেছনে এনে মুরিদুল আলমের হস্তে সমর্পণ করেন। পরে সেই এসএম ইউসুফ তো সর্ব-বিখ্যাত কিংবদন্তী ছাত্রলীগ নেতা হয়ে যান।
ছাত্রলীগের রাজনীতি ও সংগঠন জোরদারের এই সামূহিক চেষ্টা বাষট্টির ছাত্র আন্দোলনের যোগে প্রবল জোয়ারের সৃষ্টি করে। একারণে বাষট্টিতে ছাত্রলীগের পুনরাভির্বাবকে আমি নবজাগরণ রূপে বলে অভিহিত করতে চাই। কিন্তু এখন আমার মনে হচ্ছে ছাত্রলীগের প্রকৃত জাগরণ বা কুলপ্লাবী জোয়ার বাষট্টিতেই আসে। আর এখানেই বাষট্টির নেপথ্য নায়ক, মুরিদুল আলম, ফেরদৌস কোরেশী, এম এ মান্নান, আবু ছালেহ, রউফ খালেদ, অধ্যক্ষ হারুনুর রশিদ, কফিলউদ্দিন, শায়েস্তা খান, বখতেয়ার কামাল, সিরাজুল ইসলাম চৌধুরী, লোকমানুল মাহমুদ, আবুল কালাম আজাদ, নুরুন্নবী চৌধুরী প্রমুখের প্রাসঙ্গিকতা।
আবুল কালাম আজাদ এম এ আজিজের ছত্রছায়ায় থেকে ধারাবাহিকভাবে রাজনীতি করেছেন। নিউক্লিয়াসের আকার যত বেড়েছে, স্বাধীনতামুখী রাজনীতিও তত বেগবান হয়েছে, এবং চট্টগ্রামের রাজনীতিতে আবুল কালাম আজাদের প্রভাবও ততই বিস্তৃত হয়েছে। নিউক্লিয়াসের অন্যতম উদ্যোক্তা সিরাজুল আলম খান সম্ভবত পাকিস্তানি বাহিনী আক্রমণ করলে চট্টগ্রাম আসতে চেয়েছিলেন। পাহাড়-পর্বত, নদী-সাগর, বন-জঙ্গল নিয়ে চট্টগ্রামের যে ভূ-প্রাকৃতিক গঠন, তা হয়তো তাঁকে টেনেছিলো। চট্টগ্রাম দিয়ে ভারতের বিভিন্ন সীমান্ত পথও আছে। তাই তিনি আ.স.ম আবদুর রবকে দিয়ে চট্টগ্রামে আবুল কালাম আজাদের কাছে একটি চিঠি পাঠালেন। চিঠিটা শহীদ স্বপন চৌধুরী সাবের আহমদ আজগরীকে দেন আবুল কালাম আজাদকে পৌঁছে দেয়ার জন্য। সাবের আহমদ আজগরী সেই চিঠি নিয়ে দোহাজারী পর্যন্ত যান। কিন্তু আবুল কালাম আজাদ তখন ধোপাছড়ি নামক একটি পাহাড়ি জায়গায় মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপনে নিয়োজিত। পটিয়ার তখনকার এমপি সুলতান আহমদ কুসুমপুরীও তখন ধোপাছড়িতে অবস্থান নিয়েছেন। তাঁর সঙ্গে বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর-এর সৈনিকরা ছিলো।
যাই হোক, আবুল কালাম আজাদকে না পেয়ে সাবের আহমদ আজগরী শহরে ফিরে আসলেন। আবুল কালাম আজাদ ধোপাছড়িতে অবস্থান করে দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধ সমন্বয় ও পরিচালনা করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনেন। তিনি ভারতে যেতে পারলে হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাস অন্য রকম হতে পারতো।
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১৯৪৪ খ্রিস্টাব্দের ২ এপ্রিল চন্দনাইশ থানার দক্ষিণ হাসিমপুর গ্রামের নায়েব বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা তোফায়েল আহমদ চৌধুরী। তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় নেতা ছিলেন। মাতা মোছাম্মৎ হালিমা খাতুন।
আবুল কালাম আজাদ চন্দনাইশের দক্ষিণ হাসিমপুর বড়–য়া পাড়া প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা শেষ করে চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল ও দোহাজারী জামিজুরি এ. রহমান হাইস্কুল থেকে ম্যাট্রিক, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ ও পরে সরকারি সিটি কলেজ থেকে ১৯৬০ খ্রিস্টাব্দে আই.কম, সরকারি কমার্স কলেজ থেকে ১৯৬৬ খ্রিস্টাব্দে বি.কম, ১৯৭০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম সরকারি আইন কলেজ থেকে এল.এল.বি. পাস করেন।
তিনি ১৯৬০-১৯৬১ খ্রিস্টাব্দে কমার্স কলেজে অধ্যয়নকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ৬১ খ্রিস্টাব্দে কমার্স কলেজ ছাত্র সংসদের ক্রীড়া ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। ৬৩ খ্রিস্টাব্দে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ৬৫ সালে ভিপি নির্বাচিত হন। আইয়ুব বিরোধী আন্দোলন ও শিক্ষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। তিনি দীর্ঘ চার বছর ছাত্রলীগ শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পরে ১৯৬৫ খ্রিস্টাব্দে সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৮ খ্রিস্টাব্দ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দায়িত্বপূর্ণ সকল আন্দোলন সংগ্রামে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। উক্ত সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য গঠিত নিউক্লিয়াসের সদস্য হিসেবে তিনি চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত হন। তৎসময়ের ‘দাদা’ নামে কিংবদন্তীর নায়ক সিরাজুল আলম খান, কাজী আরেফ আহমদ-এর ঘনিষ্ঠ সহযোগি হিসেবে স্বাধীনতা সংগ্রামে কর্মী সংগ্রহে নিজকে ব্যস্ত রাখেন। ইতিমধ্যে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত হন। ১৯৬৭ খ্রিস্টাব্দে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরি সংসদের সদস্য নির্বাচিত হন। অতঃপর সম্মেলনের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ চট্টগ্রাম জেলা শাখার দপ্তর, প্রচার এবং যুদ্ধকালীন পুনরায় দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
এই সময়ে তিনি সাংগঠনিক কর্মকাÐসহ গুপ্ত বিপ্লবী সংস্থার সাথে গোপন বিপ্লবী কর্মকাÐে জড়িত এবং বিভিন্ন ইস্যুর উপর বিশেষ করে ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে একজন মুখ্য সংগঠক হিসেবে কাজ করেন। যুদ্ধকালীন সময়ে তিনি চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে সহযোগীদের সাথে সক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়ে পড়েন।
রাজনৈতিক কারণে তিনি গ্রেফতার হন এবং কারাভোগ করেন। এছাড়া বিভিন্ন জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে তিনি ফেরারি জীবন অতিবাহিত করেন।
স্বাধীনতার পর জাসদ গঠনের সময় উক্ত সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে নিজকে জড়িত করেন। তিনি এই সংগঠনের কেন্দ্রীয় সংসদের প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি জাসদের উপদেষ্টা ছিলেন।
১৯৭৫ খ্রিস্টাব্দে তিনি আইন ব্যবসার মাধ্যমে কর্মজীবনে প্রবেশ করেন। উক্ত পেশায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য, পরে ১৯৯১ খ্রিস্টাব্দে সহ সভাপতি, ১৯৯৮ খ্রিস্টাব্দে সভাপতি নির্বাচিত হন। তিনি আইনজীবীদের সর্Ÿোচ্চ সংস্থা বার কাউন্সিলে পরপর দু’বার ট্রাইব্যুনালের সদস্য নির্বাচিত হন।
তিনি আইনজীবী সমন্বয় পরিষদের স্টিয়ারিং কমিটি, মানবাধিকার কনভেনশন এর স্টিয়ারিং কমিটির সদস্য, সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, মহিউদ্দিন চৌধুরীর মেয়র নির্বাচনে নাগরিক কমিটির সদস্য, বিজয় মেলা পরিষদের উপদেষ্টা ছিলেন। ১৯৯৩ খ্রিস্টাব্দে তিনি চন্দনাইশ বিজয় মেলা প্রতিষ্ঠা করেন। তিনি জীবনে বহুবার সর্বদলীয় রাজনৈতিক কর্মকাÐে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তিনি পাঁচ দলীয় ঐক্যজোট স্টিয়ারিং কমিটির সদস্য এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি চট্টগ্রামের কাজীর দেউড়িÑ খ্যাত কাজী বাড়ির জমিদার কাজী এনামুল হকের প্রথমা কন্যা কাজী খুরশিদা বেগমকে বিয়ে করেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তাঁর প্রথম সন্তান পুত্র, আখতার মাহমুদ (শিমুল) বিশিষ্ট ব্যবসায়ী; দ্বিতীয় সন্তান কন্যা, নাম নাজিয়াত আজাদ, এমবিবিএস পাস এবং তৃতীয় সন্তান পুত্র, নাম ইয়াছিন মাহমুদ (তানজিল), ইউনিভার্সিটি অব লন্ডনে এলএলবি অধ্যয়ন করেন।
তিনি নানা সমাজ ও লোকহিতকর কর্মকাÐে নিয়োজিত ছিলেন। তিনি চান্দগাঁও আবাসিক এলাকা (এ বøক) কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য; হাসিমপুর এম কে হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি (১৯৮৮-২০০০) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পাবলিক স্কুল এন্ড কলেজ এর মুখ্য পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন।
![]()








