
দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার স্বার্থে অংশগ্রহণমুলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। যারা পাকিস্তানের ন্যায় এদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর অপচেষ্টায় লিপ্ত জনগণ তাদের স্বপ্ন পূরণ হতে দিবে না।
শুক্রবার (২৮ জুলাই) ৪টায় চট্টগ্রাম লালদিঘী ময়দানে দেশ বিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চুড়ান্ত হওয়া রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের আন্দোলনের মাধ্যমে ১৯৯৬ সনে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করে। কিন্তু এটা ছিলো বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক রাজনীতিবিদদের জন্য অবমাননাকর একটি ব্যবস্থা। তার পরেও রাজনীতিবিদ ও দেশের মানুষ তা মেনে নিয়েছে। কিন্তু যে দলই ক্ষমতায় গিয়েছে, সে দলই তত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছিল। তাই জনগণ ইয়াজ উদ্দিন ফখরুদ্দিন মার্কা তত্বাবধায়ক সরকার আর চায় না।
নির্বাচন আসলেই রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মাঠে জল ঘোলা করে। হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও সহিষ্ণু আন্দোলনের মাধ্যমে জনজীবনকে বিপর্যন্ত করে তোলে। এক দল ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়। আরেক দল ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে ওঠে। দেশের জনগণ এই দ্বিদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি চায়।
বাংলাদেশ সুপ্রিম পার্টি আগামীতে তৃতীয় শক্তি হিসেবে দেশ ও জনগণের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সুপ্রিম পার্টির লক্ষ্য সম্প্রীতিময় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত সত্য-ন্যায়ের আদর্শে মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
তিনি ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনীতির দুর্বৃত্তায়ন থেকে দেশকে রক্ষা করার জন্য জনগণকে বাংলাদেশ সুপ্রিম পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি চায় বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমুলক ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে ঠোটো জগন্নাতের ভূমিকায় না রেখে কার্যত স্বাধীন ও শক্তিশালী করতে হবে। অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংলাপ আয়োজনেরও প্রস্তাব করেন তিনি।
বিএসপি চেয়ারম্যান বলেন, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে এমনকি আমেরিকার মতো রাষ্ট্রে নিরীহ নিরপরাধ ১৭ হাজার মানুষকে গুলি করে হত্যা করা হলেও সেখানে যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্রদের চোখে মানবাধিকার লঙ্ঘন হয় না। শুধু বাংলাদেশেই তারা মানবাধিকার লঙ্ঘন খুঁজে পায়। গণতন্ত্র ও মানবাধিকারের নামে কেউ যদি জোর করে এদেশের জনগণের ওপর কিছু চাপিয়ে দিতে চায় তা জনগণ মেনে নেবে না।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী আরো বলেন, এদেশে নির্বাচন কিভাবে হবে তা ঠিক করবে এ দেশের জনগণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মানবতা দেখাতে চায় তাহলে মিয়ানমারকে চাপ দিয়ে রোহিঙ্গাদেরকে তাদের দেশ মিয়ানমারে ফিরিয়ে নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করুক। বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশের জনগণই সমাধান করবেন বলে তিনি উল্লেখ করেন।
যারা বিদেশে লভিষ্ট নিয়োগ করে প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিএসপি প্রধান বলেন, দীর্ঘদিন ধরে জাতিসংঘে শান্তিরক্ষী হিসেবে সুনাম ও দক্ষতার সাথে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে আসছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনী। একটি মহল তাদের বিরুদ্ধেও অপপ্রচারে লিপ্ত। এরা দেশ, জাতির শত্রু। তারা পাকিস্তানের ন্যায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। জনগণ তাদের এই উদ্দেশ্য কখনো সফল হতে দিবে না। এদের বিরুদ্ধে দেশের জনগণকে রুখে দাঁড়াতে হবে। বিএসপি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অপশক্তির বিচার দাবি করছে।
সমাবেশে চট্টগ্রাম জেলা বিএসপির সভাপতি এসএম সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, বিএসপির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজাদ দোভাষ প্রমুখ। বাংলাদেশ সুপ্রিম পার্টির সমাবেশে চট্টগ্রাম জেলা বিএসপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পার্টির অতিরিক্ত মহাসচিব মুফতী বাকী বিল্লাহ আল আযহারী। বক্তব্য রাখেন, জাতীয় স্থায়ী পরিষদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব মোঃ দেলোয়ার হোসেন জন, মোঃ আসলাম হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমাঈন আসরার, সহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঢালী কামরুজ্জামান হারুন, এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নুরুল আনোয়ার হিরন, যুব বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান পায়েল, চট্টগ্রাম জেলা সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, ফটিকছড়ি উপজেলা সভাপতি মোঃ ফোরকান রেজা, খোরশেদ আলী, নোমান উদ্দিন রাজিব প্রমুখ।
![]()









