
চট্টগ্রাম মুসলমান ইতিহাস উৎসবে বক্তারা
মুসলমান বিজয়ের ঐতিহাসিক স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রত্নআইনে সংরক্ষণ করা হোক, উন্নয়নের নামে ধ্বংস কাম্য নয়
মুসলমান ইতিহাস সমিতি আয়োজিত চট্টগ্রামের প্রথম ইতিহাস রচয়িতা খানবাহাদুর হামিদুল্লাহ খান ও চট্টগ্রামের অন্যতম প্রথম মুসলমান বিচারক মৌলভী মুফিজুল হক খোরাসানীকে উৎসর্গ করে ১০ম চট্টগ্রাম মুসলমান ইতিহাস উৎসব-২০২৪-এ বক্তারা চট্টগ্রামে মুসলমান বিজয়ের ঐতিহাসিক স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদটি দেশের অন্যতম প্রধান প্রত্নসম্পদ ও মুসলিম হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করে প্রত্নআইনে সংরক্ষণ করার দাবি জানান। একইসাথে মুসলমান বিজয়ের এই ঐতিহাসিক স্মারক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উন্নয়নের নামে ধ্বংস কাম্য নয় উল্লেখ করে বক্তারা আরো বলেছেন, মসজিদটির প্রাচীন অবস্থান ঠিক রেখে উন্নয়ন এখন সময়ের দাবি। তবে কোনো অবস্থাতেই এই ঐতিহাসিক মসজিদের প্রাচীনত্বকে ধ্বংস করা যাবে না। বক্তারা আরো বলেছেন, ১৬৪০Ñ১৬৬০ সাল পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন মোগল বাদশা শাহজাহানপুত্র শাহ সুজা। এসময় চট্টগ্রাম আংশিক মুসলিম অধ্যুষিত ছিল। তবে ২৭ জানুয়ারি ১৬৬৬ খ্রিষ্টাব্দে, কারও কারও মতে ২৬ ডিসেম্বর ১৬৬৬ খ্রিষ্টাব্দে, মোগল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র বুজুর্গ উমেদ খাঁ’র নেতৃত্বে মোগল বাহিনীর হাতে ম্রাউকের আরাকান রাজ্য পরাজিত হয়। চট্টগ্রামের যে স্থানে মুসলমান বিজয় সাধিত হয়েছিল, সে-স্থানেই নির্মিত হয়েছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। সে হিসেবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রামের মুসলমান বিজয়ের অমর কীর্তি ও অনন্য স্মারক। বক্তারা আরো বলেছেন, চট্টগ্রামে ষষ্ঠ হিজরিতে রাসুল (সা)’র সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস’র নেতৃত্বে চট্টগ্রামে ইসলাম ধর্মের প্রবেশ ঘটে। পরবর্তীতে বদর আউলিয়া/বদর শাহ/বদর পীরের উদ্যোগে চট্টগ্রামের পাহাড়ি জনপদে ইসলামের আবাদ হয়েছেÑএই মর্মে জনশ্রুতি রয়েছে। আজকের চট্টগ্রামকে বারো আউলিয়ার চট্টগ্রাম বলা হয়। মুসলমান ঐতিহ্যের সম্প্রীতি-সৌহার্দ্যপূর্ণ অবস্থানে সর্বধর্মের মানুষ নিয়ে চট্টগ্রামের ঐতিহ্য হাজারো বছরের। বক্তারা সমগ্র চট্টগ্রামের প্রত্নতাত্ত্বিক মুসলিম স্থাপনা, বিশেষ করে মোগল ও সুলতানি আমলের ১৭টিরও বেশি প্রাচীন মসজিদকে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ করার দাবি জানান। গত ২৮ ডিসেম্বর, সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এস আর হোটেল লিমিটেডের অডিটরিয়ামে মুসলমান ইতিহাস সমিতির সভাপতি বিশিষ্ট ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে ১০ম চট্টগ্রাম মুসলমান ইতিহাস উৎসব-২০২৪’র উদ্বোধন করেন সুফি পার্সোনালিটি আলী মোকাররীম মুহাম্মদ মুনিরুল হক খোরাসানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসগবেষক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন অতিরিক্ত জেনারেল ম্যানেজার আলহাজ একরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন এজিএম লায়ন সিএসকে সিদ্দিকী। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লেখক এস এম ওসমান, সমিতির সহসভাপতি জিএম মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক তারিফ হোসেন, কবি জয়নুল আলম, নাগরিক সংবাদের সম্পাদক ওসমান গণি, মো. মোদদাসির, আলহাজ জাহাঙ্গীর আলম আফগানী, হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম নবী, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. লোকমান হাকিম, কবি আবদুল হালিম প্রমুখ।
![]()









