- - -

বাগেরহাটে সাবেক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা

Print News

বাগেরহাটে সাবেক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা

 

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ওই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলে তার সঙ্গে থাকা চাচা কামাল তরফদার গুলিতে আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সজীব তরফদার ডেমা গ্রামের মৃত সিদ্দিক তরফদারের ছেলে।

স্বজনদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটি পরিকল্পিত হত্যা, এর পেছনে যারা রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সজিবের বড় ভাই নাজমুল তরফদার বলেন, ‘সজিব বাড়ি থেকে বাগেরহাটে যাচ্ছিল। সঙ্গে চাচা ছিল। খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাইয়ের মাথায় ৪টি গুলি। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের বিচার চাই।’

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, ‘সজিব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। সে কারণে তার প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।’

জেলা পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল আরিফ বলেন, ‘ঘটনাস্থলে পাওয়া বুলেটের খোসা থেকে বোঝা যায় এটা শটগানের গুলি। ধারণা করছি, শটগান দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। হত্যা নিশ্চিত করতে একাধিক দল ছিল, হত্যাকারীরা মুখোশ পরা ছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। খুব দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

এদিকে সাবেক এই নেতার হত্যাকারীদের বিচার দাবি ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সাবেক সভাপতি এম এ সালাম।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa