- - -

সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন করা হবে: জামায়াত নেতৃবৃন্দ 

Print News

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার বলেছেন, অতীতে যারা ক্ষমতায় ছিল সবাই নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশে শ্রমিকদেরকে শোষণ করা চলবে না। তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। না হলে শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সকল শ্রমজীবী মানুষ সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম করবে। আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে অন্যায়কারীকে দেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে। যদি আগামীতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর হবে।

শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, বিকেল থেকে শত শত শ্রমিক খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, ৫৩ বছরে বার বার ক্ষমতার পালাবদল হয়েছে। শ্রমিকদেরকে সিড়ি বানিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। কিন্তু তারা শ্রমিকদের শোষণ করেছে। আমরা বাংলাদেশকে সকল ধরনের বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করবো, আসুন যে যেখানে যে সেক্টরে কাজ করি আমরা শ্রমিকদের অধিকার নিশ্চিত করি।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি মো. নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি ও সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, প্রধান বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, মালিক শ্রমিকের সম্পর্ক এমন হতে হবে যেভাবে মালিক শ্রমিক নামাজের কাতারে দাঁড়াতে ভেদাভেদ থাকে না। এই শিক্ষা দেয় ইসলাম। ইসলাম এমন এক সমাজ চায়, মানুষ তার ন্যায্য যে পাওনা সেটি পাবে। দেশের নেতৃত্বে সৎ লোকের শাসন দরকার। যারা বিদেশে টাকা পাচার করবেন না, চুরি করবে না। এরকম এক বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ রাষ্ট্র চায়। যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। সেই সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

প্রধান বক্তার বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া সম্ভব হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। যারা সংগঠনের নাম দিয়ে লুটপাট করার চিন্তা করবে তাদের ছাড় দেবে না সংগঠনের খেটে খাওয়া শ্রমিকেরা।

শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানার সাধারণ সম্পাদক গাজী মো. বেলাল উদ্দিন ও জামায়াতের পাইন্দং ইউনিয়ন শাখার সেক্রেটারি এরশাদ উল্লাহ এর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ ইউসুফ বিন আবু বক্কর, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ ফজলুল করিম, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দীন আজাদ, উত্তর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এজহারুল ইসলাম, ফটিকছড়ি থানা জামায়াতের আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদার, নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ ইসমাঈল গণি, জামায়াত নেতা এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুস, থানা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, মুহাম্মদ আব্দুর রহিম, লন্ডন প্রবাসী ব্যবসায়ী মাসুদুর রহমান, আনোয়ারুল আজিম, শ্রমিক নেতা লোকমান চৌধুরী, ইব্রাহীম খলিল, ওসমান গণি প্রমুখ।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa