
উত্তরাখন্ডের পাহাড়ি পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় ২০ জন নিহত
ভারতের উত্তরাখন্ডের পাহাড়ি পথে ভয়ংকর দুর্ঘটনা। আলমোড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খরস্রোতা নদীতে পড়ল যাত্রী বোঝাই বাস। জানা গেছে, প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। সূত্রে প্রকাশ, তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল পৌঁছায় সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। সবরকমভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। জানা যায়, ৪৫ জন আসন সম্পন্ন একটি যাত্রীবাহী বাস সোমবার ( ৪ নভেম্বর ) সকালে গাড়োয়াল থেকে কুমায়ুনের পথে যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। আলমোড়ার কাছে মারচুলায় বাসটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সোজা প্রায় ২০০ মিটার খাদের গভীরে গিয়ে পড়ে। চারদিকে খরস্রোতা নদী ও বড় বড় পাথরে ভর্তি ছিল এলাকাটি। এ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন যাত্রী। সবাইকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বাস দুর্ঘটনায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায়।
![]()








