- - -

আজ কিংবদন্তি চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন

Print News

আজ কিংবদন্তি চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন

বাবুল কান্তি দাশ

সবচেয়ে লম্বাটে, রোগাটে, বন্ধুদের মধ্যে সব থেকে বেপরোয়া,সবচেয়ে ডাকসাইটে শরিকের নাম ঋত্বিক ঘটক। তোয়াক্কা করত না কিছু। আগু-পিছু ভাবার মত ধৈর্য্য তাঁর ছিল না। সকাল হলেই প্রতিভাময় বন্ধুর দল বেরিয়ে পড়তেন৷ ভিড় জমাতেন হাজরা রোডের ওপর একটা চায়ের দোকানে৷ নাম প্যারাডাইস কাফে৷ সলিল চৌধুরী,তাপস সেন,বংশী চন্দ্রগুপ্ত,হৃষীকেশ মুখোপাধ্যায় ,ঋত্বিক এই নিয়ে দল । সেই আড্ডায় মাঝে মধ্যে হাজির হতেন বিজন ভট্টাচার্য৷ সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত চলত তাঁদের আড্ডা৷ দুপুরে দোকানদার ঝাঁপ বন্ধ করলে বাধ্য হয়ে দোকান ছেড়ে বের হতে হত৷আবার তাঁরা জড়ো হতেন সূর্য ডোবার আগে৷
পুনের ফিল্ম ইনস্টিটিউটে ডেপুটি ডিরেক্টরের পদে যোগ দিয়েছিলেন, আবার সেই চাকরি ছেড়েও দিলেন,কারণ দেখিয়েছিলেন সরকারি ব্যবস্থা এত জঘন্য জানতেন না । সেই ব্যবস্থা থেকে মুক্তি পেতে তিনি একদিন দুম করে কেটে পড়েছিলেন৷ সারা সন্ধ্যেবেলা ট্যাক্সি চড়ে ভাড়া মেটানোর সময় লেক রোডে সত্যজিৎ রায়ের ফ্ল্যাট দেখিয়ে চালককে বিলের টাকা নিয়ে আসতে বলতেন ! সত্যজিৎ রায় বেশি কথা না বাড়িয়ে বলতেন কত? তারপর ২০টাকা হোক অথবা ৩০ – তিনি সেই টাকা ড্রাইভারকে দিয়ে দিতেন৷ হয়ত এক নয় একাধিকবার এমন ঘটনা ঘটেছে! ঋত্বিক ঘটক নিজের মুখে সেকথা স্বীকার করে বলেছেন ‘এরকম যে একেবারেই হয় নি তা আমি বলতে পারব না’৷
সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ প্রথমবার দেখে কেমন লেগেছিল প্রশ্নের উত্তরে ঋত্বিক বলেছিলেন :’এককথায় অতুলনীয়৷ ভারতীয় চলচ্চিত্রে এরকম ব্যাপার আগে হয় নি । ‘ না, সত্যজিৎ রায়ের প্রতিভা সম্বন্ধে ঋত্বিকের মনে বিন্দুমাত্র সংশয় ছিল না৷ তবে অনুযোগ হয়ত ছিল! আদপে তিনি বোঝাতে চেয়েছেন সত্যজিৎ রায় মনে করলে ধ্রুপদী বিষয়ে আরও অসাধারণ ছবি উপহার দিতে পারতেন!
সুপ্রিয়া দেবী তখন অভিনয় জগতে আনকোরা,সেইসময় তাঁর পরিচয় হয় ঋত্বিক ঘটকের সঙ্গে। কিংবদন্তি চিত্র পরিচালক সোজা চলে গিয়েছিলেন অভিনেত্রীর বাড়িতে।বলেছিলেন ওই আজ্ঞে,আপনি এসব তিনি তাঁকে বলতে পারবেন না,সুপ্রিয়া তাঁর ছোট বোনের মত৷ অনুরোধ করে বলেছিলেন ‘মেঘে ঢাকা তারা’র নীতা চরিত্রটি যেন তিনি অভিনয় করেন৷ খুব ভালো রোল,মেকআপ ছাড়া,চরিত্রটি একটি রিফিউজি মেয়ের,যার জীবন খুব কষ্টের৷ পরের ইতিহাস অজানা নয় কারো । শুধু এটুকু বলা যায় সুপ্রিয়া দেবী সম্মতি দিয়েছিলেন বলেই বোধহয় আমরা দেখেছিলাম অসাধারণ একটি ছবি, অসাধারণ অভিনয়।
ঋত্বিক ঘটক বলতেন তিনি বেশি ছবি টবি দেখেন না৷ তবে চলচ্চিত্রে ক্যামেরার ব্যবহারই আসল৷ ক্যামেরা ঠিকঠাক বসাতে জানে ওই ঢ্যাঙা লোকটিই অর্থাৎ সত্যজিৎ রায়,আর হ্যাঁ তিনি খানিকটা জানেন৷ ঋত্বিক সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ, বাংলা তথা ভারতীয় সিনেমাকে, তিনি যা দিয়েছেন তার স্বীকৃতি তিনি নিজে বোধহয় পান নি!
শক্তি চট্টোপাধ্যায় বাস্তবিকই লিখেছিলেন, “তুমি গেছো স্পর্ধা গেছে, বিনয় এসেছে।” আজ এক স্পর্ধার জন্মদিন। আজ পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন। পশ্চিমবঙ্গের সিনেমার কথা বলতেই সর্বাগ্রে যে কয়েকজন মানুষের নাম উঠে আসে ঋত্বিক ঘটকের নাম তাঁদের শীর্ষে। আদর্শের লড়াই, মাথা না নোয়ানো মজবুত শিরদাঁড়ার যে কতিপয় মানুষকে চলচ্চিত্র জগত পেয়েছে ঋত্বিক যথার্থই তাঁর অন্যতম স্তম্ভ। বাংলাভাগের যন্ত্রণা যে কজনকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে ঋত্বিক ঘটক তাঁদের অন্যতম। তাঁর একের পর এক সিনেমায় তার ছাপ স্পষ্ট। ৪ নভেম্বর, ১৯২৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ঋত্বিক। বাংলাভাগ, গণনাট্য আন্দোলন ও তৎকালীন রাজনৈতিক অশান্তি তাঁর প্রায় সকল সিনেমাতেই উঠে এসেছে। বিনোদনের মূল ধারার পাশে ঋত্বিক ও তাঁর সৃষ্টি যেন সমান্তরালে চলা অন্য এক মহাবিশ্ব, সেখানে স্পষ্টবাদীতা, আদর্শ, আর সব হারা মানুষের বেঁধে থাকা, আর মাথা উঁচু করে বাঁচার গল্পই শেষ কথা। ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমলগান্ধার’, ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘অযান্ত্রিক’, ‘যুক্তি তক্কো আর গপ্পো’র মতো তাঁর চলচ্চিত্রগুলি কিংবদন্তী হয়েই থেকে যাবে। চোখের জল হোক বা পানি সে তো নোনতাই থেকে যায়’…ঋত্বিক একটি যন্ত্রণার নাম
ঋত্বিক ঘটক-এর কথা উঠলে তাঁরই পরিচালিত একটি ছবির একটি দৃশ্য প্রথমেই মনে পড়ে। ছবির নাম ‘কোমলগান্ধার’। বৃদ্ধ রিফিউজি রূপী ভৃগু মঞ্চে বারবার বলছে তার ফেলে আসা দেশের কথা, পদ্মা নদীর কথা, জীবনের অভ্যাসের কথা, আর জিজ্ঞেস করছে- ‛রিফিউজি হবো ক্যানে?’ অন্য একজন উত্তর দিচ্ছে- ‘খাতি পাবা বলে, ওইপারে যাও, বাস্তুহারা রিফিউজি হইয়া, বাবুরা নাম দেছে কাগজে…’। পিছনের পর্দায় ছায়ার মতন আবালবৃদ্ধবনিতা পথ বেয়ে নীচে নেমে যাচ্ছে। বাংলা ভেঙে গিয়েছে। এই ভাঙা বাংলার চিৎকার, বিক্ষোভ, রাগ, স্মৃতি আর আদর বুকে নিয়ে ঘুরেছেন ঋত্বিক, আজীবন।
আজ কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa