
রিশালে হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা গ্রেফতার
বরিশালের গৌরনদী উপজেলায় চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মী রাশেদ শিকদারকে পিটিয়ে হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা আল-আমিন তালুকদার আটক করেছে র্যাব। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরীয়তপুর জেলার পালং থানাধীন চিকনদি বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আল আমিন গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বড়দুলালী গ্রামের আজিজুল তালুকদারের বড় ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই শাহাবুদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বরিশাল র্যাব-৮ এর একদল সদস্য শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরীয়তপুর জেলার পালং থানার চিকনদি বাজারে অভিযান চালিয়ে রাশেদ হত্যা মামলার ২নং আসামি আল-আমিন তালুকদারকে আটক করে।
এরপর তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে মাদারীপুর র্যাব ক্যাম্প থেকে ওইদিন রাতেই আটককৃত আল-আমিনকে গৌরনদী থানায় নিয়ে আসেন। রাশেদ হত্যা মামলায় গ্রেফতারকৃত আল-আমিন তালুকদারকে গতকাল রোববার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক আসামি আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেন দেন।
মামলার বাকি আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাবুদ্দিন জানান।
উল্লেখ্য, দাবিকৃত একলাখ চাঁদা না পেয়ে ছাত্রদল নেতা আল-আমিন তালুকদারের নেতৃত্বে ছাত্রদলের ১০/১২ নেতাকর্মী গত ১৬ আগস্ট (শুক্রবার) রাত ৮টার দিকে বার্থী বাজারে দু’দফা হামলা চালিয়ে ছাত্রলীগ সমর্থক রাশেদ শিকদারকে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের ভাই রাসেল শিকদার বাদি হয়ে ছাত্রদলের ৫ নেতাকর্মীর নামোল্লেখসহ ১০ জনকে আসামি করে গৌরনদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
![]()









