
সিরাজগঞ্জে আসামীকে গ্রেফতারের সময় নদীতে ডুবে পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতি ও হত্যা মামলার প্রধান আসামীকে ধরতে গিয়ে স্বরসতী নদীতে ঝাঁপ দিলে উপ-পরিদশর্ক (এস.আই) রেজাউল ইসলাম শাহ (৪৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধা নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহ এর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, রায়গঞ্জের এরানদহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামী নাজমুল হাসান (৩০) কে গ্রেফতার অভিযানের সময় আসামী স্বরসতী নদীতে ঝাপ দেয়। এ সময় নিহত এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাপ দেয়। কিন্তু আসামী নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝ খানে তলিয়ে যায়। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা অভিযান করে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম এ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামী ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হয় রেজাউল । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।
![]()









