- - -

আমতলীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি জমি দখল

Print News

আমতলীতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি জমি দখল

 

বরগুনার আমতলী পৌরসভার ৩নং ও ৬ নং ওয়ার্ডে সরকারি খাস জমি দখল করে পাকা স্থাপনা নির্মানের কাজ চলছে।প্রভাবশালীরা ক্ষমতার প্রভাবে বিভিন্ন স্থানে পাকা স্থাপনা নির্মাণ করেই যাচ্ছে। এ যেন দেখার কেউ নেই।

সম্প্রতি পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহআলম মিয়ার বাসার গলির দক্ষিন পাশে বশির উদ্দিন নামের এক কাপড় ব্যবসায়ী খাস জমি দখল করে ভবন নির্মাণ করছেন।

অপরদিকে ৬নং ওয়ার্ডের আমতলীর সরকারি কলেজ সড়কের পূর্বপাশে মোঃ মতিউর রহমান নামে এক ব্যক্তি সড়কের পাশে টিন দিয়ে বেড়া দিয়ে ভিতরে সরকারী খাসজমিতে পাকা স্থাপনা নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও বটতলা সলগ্ন নতুন বাসস্টান্ডের পূর্ব পাশে মোঃ মজিবুর রহমান নামে এক ব্যক্তি দখলকৃত সরকারী জমি ইতিপূর্বে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার মহোদয় তিনবার উচ্ছেদ করে উন্মুক্ত করে দিয়েছিলেন। তিনবারই উচ্ছেদের কিছুদিন পরই মজিবর রহমান পুনরায় বেড়া দিয়ে আটকিয়ে রাখেন। বর্তমানে তিনি ওই জমিটি বেড়া দিয়ে আটকিয়ে রেখেছেন যাতে সাধারণ মানুষ ও এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে না পারে। মজিবুর রহমান সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি জমি দখল করে যাচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করেন সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করলেও প্রশাসনের তেমন হস্তক্ষেপ নেই। অভিযোগ পেলে নামমাত্র নিষেধ করা হয়। দু’একদিন কাজ বন্ধ থাকলেও তারপর আবার কাজ শুরু হয়। দখল হয়ে যায় সরকারি জমি। এভাবে প্রতিনিয়ত সরকারি জমি দখল হয়ে যাচ্ছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa