
চট্টগ্রামে সাজিনাজ হাসপাতাল উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী
সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসার আহ্বান
বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডের আরেফিন নগরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সাজিনাজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কমপ্লায়েন্স বেইজড স্পেশালাইজড হাসপাতাল ‘সাজিনাজ হাসপাতাল লিমিটেড।’
গতকাল ১১ মে সকালে হাসপাতালের চেয়ারম্যান লায়ন শফিকুল ইসলামের সভাপতিত্বে রেডিসন ব্লু চট্টগ্রামের মেজবান হলরুমে এই স্পেশালাইজড হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
এতে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘চট্টগ্রামে আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠাকে আমি স্বাগত জানাই। এই হাসপাতালে অপেক্ষাকৃত কম সামর্থ্যবান কিছু রোগীর জন্য কম মূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকবে এই প্রত্যাশা করবো। আমি প্রত্যাশা করবো এই হাসপাতাল এমন কিছু সেবা দেবে— যা অন্যদের থেকে আলাদা হিসেবে বিবেচিত হবে। সাধারণ জনগণের কথা ভেবে এই হাসপাতাল তার কার্যক্রম পরিচালনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে এই প্রত্যাশা থাকবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি আরও বলেন, আমি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আসতাম না। অনুষ্ঠানটি হাসপাতালে হওয়ার কথা ছিল, কর্তৃপক্ষ তা না করে অনুষ্ঠানটি হোটেলে করেছে। আমি চাই আরেক টি অনুষ্ঠান হাসপাতালে করুক, আমি গিয়ে দেখবো হাসপাতালে কেমন স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে চট্টগ্রামবাসীকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য আবদুচ ছালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইউনুস, দৈনিক আজাদীর সম্পাদক একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, লায়ন্স গভর্নর এমডি এম মহিউদ্দিন চৌধুরী, লায়ন গভর্নর ইলেক্ট কোহিনুর কামাল, লায়ন আইপিডিজি শেখ সামছুদ্দিন আহমেদ সিদ্দিকী ও বিএমএ নেতৃবৃন্দ, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, বোর্ড অব ডিরেক্টরসসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
![]()









