
রবীন্দ্র জন্মজয়ন্তীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর একাডেমীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা
রবীন্দ্র চর্চার মাধ্যমে শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে
বাঙালি জাতির চিন্তা চেতনার প্রতীক রবীন্দ্রনাথ। বাঙালির সংস্কৃতির প্রাণজুড়ে রয়েছে রবীন্দ্রনাথ। আদর্শ জাতি হিসেবে বিশ্ব সংস্কৃতির ভবনে অনবদ্য ও অনস্বীকার্য প্রেরণার আঁধার রবীন্দ্র। রবীন্দ্র বাঙালির চেতনার প্রতীক তাই রবীন্দ্র চর্চার মাধ্যমে আগামী প্রজন্মের শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর একাডেমীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন। চট্টগ্রামের নিবেদিত সৃজনশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর একাডেমীর উদ্যোগে গত ১০ মে ২০২৪ শুক্রবার বিকাল ৫ টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পুর্বসুয়াবিল ব্রাহ্মণপাড়া সার্বজনীন ব্রহ্মময়ী কালী ও দূর্গা মন্দির মাস্টার বিধান চন্দ্র রায়ের বাড়িস্থ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূর্বসুয়াবীল সার্বজনীন ব্রহ্মময়ী কালি ও দূর্গা মন্দির সাবেক সভাপতি প্রদীপ কান্তি রায়। সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক সাবরিনা আফরোজা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলকাতার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ন ঘোষ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সুভাষ দেবনাথ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৃত্যশিল্পী চুমকি চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী। সভায় বক্তারা আরো বলেন, সংস্কৃতিচর্চার মাধ্যমে আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে রবীন্দ্র চর্চা করতে হবে। যতবেশি রবীন্দ্র চর্চায় শিশুদের এবং আগামী প্রজন্মকে সম্পৃক্ত করা যাবে ততবেশি জাতি সমৃদ্ধ হবে। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিল্পীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
![]()









