
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো আর নেই
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড, হায়দার আকবর খান রনো আজ ১১ই মে রাত আনুমানিক ২ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
হায়দার আকবর খান রনো ১৯৪২ সালের ৩১ আগস্ট ব্রিটিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। রনোর পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।
তার মা কানিজ ফাতেমা মোহসীনা বেগম রোকেয়া প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাবা হাতেম আলী খান ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী।
রনো যশোর জিলা স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল ও সেন্টগ্রেগরী স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৫৮ সালে সেন্টগ্রেগরী স্কুল হতে ম্যট্রিক এবং ১৯৬০ সালে নটরডেম কলেজ হতে আই এস সি পাশ করেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু কারাবাস ও অন্যান্য কারণে এই বিষয়ে পাঠ সম্পন্ন করতে পারেননি। পরে কারাগারে অবস্থানকালে আইনশাস্ত্রে ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। হাইকোর্টের সনদও লাভ করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র থাকা কালীন তিনি গোপন কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্ট হন। ১৯৬২ সালের সামরিক শাসন বিরোধী আন্দোলনের মাধ্যমে তার সক্রিয় রাজনীতি শুরু। তিনি ১৯৬৯ এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। ১৯৭০ সালে তিনি পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের রণাঙ্গনের সৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা ছিলেন তিনি। ১৯৭২ সালে তিনি অন্যান্য রাজননৈতিক সহকর্মীদের সঙ্গে মিলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী) গঠন করেন। ১৯৭৯ সালে দলের নাম পরিবর্তন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নামকরণ করা হয়। ১৯৭৯-৮৪ সাল পর্যন্ত তিনি পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৮২-১৯৯০ এর সামরিক শাসন বিরোধী আন্দোলন ও ১৯৯০ এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও নেতা ছিলেন। রাজনৈতিক কারণে তাকে চারবার কারারুদ্ধ হতে হয়েছিল এবং সাতবার আত্মগোপনে যেতে হয়েছিল।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা হায়দার আকবর খান রনো একাধিক বইয়ের লেখক।
২০০৬ সালে রনো ১৪১১ বঙ্গাব্দের প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার পান। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বিরুদ্ধে কথা বলেছেন। ২০১২ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হন। এরপর দলের উপদেষ্টা হিসেবে ছিলেন।
পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় মরদেহ সোমবার পর্যন্ত শমরিতা হাসপাতালের মর্গে রাখা হবে। ১৩ই মে (সোমবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য হায়দার আকবর খান রনোর মরদেহ সিপিবি কার্যালয়ে রাখা হবে। শোভাযাত্রা করে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বেলা ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানীতে মা ও বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
![]()









