
বাজিতপুরে চাঞ্চল্যকর ওয়াসিম হত্যা মামলার আসামী রাজিব খান কে গ্রেফতার করেছে র্যাব-১৪
কিশোরগঞ্জের বাজিতপুরে চাঞ্চল্যকর সবজি বিক্রেতা ওয়াসিম হত্যা মামলার মূল ও একাধিক মাদক মামলার আসামী রাজিব খান কে গাজিপুরের পুড়াবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের আভিযানিক দল । এর আগে এই মামলার অন্যতম আসামী আফজাল খান কে গ্রেফতার করে র্যাব ।
এ পর্যন্ত রাজিব ও আফজাল সহ হত্যাকান্ডে জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব । মামলার অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে আজ শনিবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল । এ সময় ক্যাম্পের ডিএডি ইকবাল হোসেন, আমিনুল ইসলামসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গত ২৫ জানুয়ারী ওয়াসিমের মোবাইলে কল আসলে তিনি বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি । পরে ২৯ জানুয়ারী বিকালে বাজিতপুরের দুলদুলিয়া খাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং লাশের পাশ থেকে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করে । হত্যার পর পরই গ্রেফতারকৃতরা এবং হত্যাকান্ডে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যায় ।
এ ঘটনায় নিহতের স্ত্রী জুবেদা আক্তার বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামী করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে । মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয় । মূলত আসামীরা পূর্ব শত্রুতা এবং টাকার জন্যই হত্যা করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।
হত্যাকান্ডের পর পরই র্যাব গোয়েন্দা নজরদারী করে প্রথমে আফজাল এবং আজ শুক্রবার দিবাগত রাতে রাজিব কে গাজীপুর থেকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাজিতপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে । এছাড়া তারা মাদকের সাথে জড়িত রয়েছে।
![]()









