
চট্টগ্রামে ইয়াবার মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার একটি ইয়াবার মামলায় মো. নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত৬ নভেম্বর চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহ (১৯) কক্সবাজার জেলার টেকনাফ থানার বালুখালী এলাকার ঘোনারপাড়ার মনির আহম্মেদের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নুরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী জানান, চারজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নজরুল জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।
![]()









