- - -

ভালবাসার এপিঠ ওপিঠ

Print News

ভালবাসার এপিঠ ওপিঠ
————-শাতি ইফফাত

সুখের প্রজাপতি ঘরময় ঘুরে বেড়াতো একদা
তখন তুমি আমায় নিয়ে কবিতা লিখতে,
আমি পড়তাম আর হাসতাম।
আমার মনে হত তুমি আকাশ না হয়ে অন্য কিছু হলে
এত ভালবাসতাম না,
তুমি নীল না হয়ে অন্য রঙ হলে
তবু ভালবাসতাম না।
তুমি সাগর হলে ভেবে দেখতাম
ডুবে যাব কিনা,
আমার আকাশে ভেসে বেড়ানোর সাধ ছিল।

আজ ঘরটা ফাঁকা ফাঁকা
কেউ নেই কেমন শূন্য,
বুকের ওমের তলে তুমিও নেই,
সেই প্রজাপতি গুলো আগের মত আর আসে না।
আচ্ছা!
তুমিও কি তাই কবিতা লেখা ভুলে গেছ?
আজ একটি চরণও মনে পড়ে না?
আমার কোন এক জন্মদিনে আমি তোমায় একটা গোলাপ দিয়েছিলাম,
আজ মনে হয় তুমি আগের মত আর গোলাপও ভালবাস না,
তুমি আর আগের মত নীল শার্টও পড় না।
আমিতো তোমার জন্য বিকেল সন্ধ্যা অপেক্ষা করি,
কৈ আগে তো করতাম না!
তুমি এমনিতেই বাড়ি ফিরে আসতে।
আজ বড় ব্যস্ত আমাদের জীবন,
আগের মত রেস্তরাঁয় বসে ধোঁয়া ওঠা সুপ কিম্বা কফি খেতে খেতে বিকেলে গল্প করি না।
কিম্বা রোজ সকালে কফিশপে–
তারপর আমি ভার্সিটি আর তুমি অফিসে।

আগের মত রোজ আমার জন্য ছুটির পর অপেক্ষা কর না।
এখন তো আমার চিরদিনের ছুটি,
কখন বেলা শেষ হয়ে যায়
বুঝতেই পারি না।
কখন আমায় নিয়ে ভেবেছো বলো তো?
আজ একটি দিন একটি মুহূর্ত ভেবেছো কখনো?
আমি মোটেই হতাশাগ্রস্ত নই–
তবে চির ধরতে ধরতে আমার হৃদয়টা ভেঙ্গে গেছে।
আমি জানি তুমি হয়ত আজও আমায় ভালবাস
তবে আমি আর আগের মত সেই উত্তাপ পাই না,
তুমি আগে কি বোকা ছিলে,
দশ টাকা রিক্সা ভাড়া চাইলে বারো টাকা দিয়ে দিতে,
আর আজ ফকির দশ টাকা চাইলে গাড়ির গ্লাস নামাও না।
বুঝতে পারি না,
আমি কি কোথাও থেমে গেছি?
নাকি চলতে ভুলে গেছি?
গল্পে গানে কবিতায় কত সময় কেটেছে,
আর আজ সাধনা আছে,
তেমনি বেদনাও আছে,
কোন ক্ষোভ নেই তাতে!
ভাঙ্গা হৃদয় কি জোড়া লাগে?
ভাবি তাই আনমনে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa