
রাউজানে সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ- আমন ধানে পোকার আক্রমণ, দুশ্চিন্তা কৃষক
চট্টগ্রামের রাউজানে মাঠে মাঠে দোল খাচ্ছে আমনের সোনালী ধান।সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি।এখন উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ডের উঁচু এলাকায় ইতিমধ্যে পাকা আমন ধান কাটা শুরু করেছে কৃষকেরা। কৃষকেরা কোমরে গামছা বেঁধে, মাথার ঘাম পায়ে ফেলে ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় অতিবাহিত করছে।তবে অগ্রহায়ণ মাস পড়লেই পুরোদমে আমন ধান-মাড়াই শুরু করবেন তারা। কৃষক শফিউল আলম জানান,এবার আমন ধানের ফলন ভালো হলেও পাকা আমন ধানে পোকার আক্রমণ দেখা দেয়। পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কীটনাশক স্প্রে করা হয়। তবু আমন ধান পোকার আক্রমণ থেকে রেহাই পায়নি।
রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির জানান, এবার রাউজানে আমনের চাষ হয়েছে ১২হাজার ১০ হেক্টর জমিতে ।এরমধ্যে হাইব্রিড জাতের আমন ধানের চাষ হয়েছে ২৮০ হেক্টর জমিতে। উফসী জাতের আমন হয়েছে ১১ হাজার ৫৪০ হেক্টর জমিতে। স্থানীয় জাতের আমন হয়েছে ১৯০হেক্টর জমিতে।এই ১২হাজার ১০ হেক্টর জমি থেকে ৫৯০৩৪৮ মেট্রিক টন শুকনা ধান উৎপাদন হবে। তবে এরমধ্যে মাঠে কাঁচা ধান রয়েছে ৬০৫৪৮ মেট্রিক টন।গত বছর আমন চাষ হয়েছে ১১হাজার ৮১০হেক্টর জমিতে। এরমধ্যে হাইব্রিড জাতের আমন ধানের চাষ হয়েছে ১৭০ হেক্টর, স্থানীয় জাতের ১৯০ হেক্টর,উফসী জাতের ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। ১১ হাজার ৮১০ হেক্টর জমি থেকে ৫৩ হাজার মেট্রিক টন শুকনা ধান উৎপাদন হয়েছিল। তিনি আরও জানান, এবছর আমনের একবার ফলন হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা কিছু কিছু জমি থেকে পাকা আমন ধান কাটা শুরু করছে।এখনো পুরোদমে ধান কাটা শুরু করেনি কৃষকেরা। অগ্রহায়ণ মাসে পুরোদমে আমন ধান কাটা এবং মাড়াই শুরু করবেন তারা। ধানে পোকার আক্রমণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
![]()









