
৩১ মে বিশ্ব তামাকবিরোধী দিবস উপলক্ষে
অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের বিবৃতি
আগামী ৩১ মে জাতিসংঘ অধিভুক্ত রাষ্ট্রসমূহ একযোগে বিশ্ব তামাকবিরোধী দিবস উদযাপন করবে। এ দিনটি বাংলাদেশও উদযাপন করবে। কিন্তু এবারের উদযাপনের দিবসটি পবিত্র ঈদুল আজহার ছুটিতে হওয়ার ফলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের মধ্য দিয়ে পালন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যান্টি ড্রাগ নেটওয়ার্ক।
সংগঠনের চেয়ারম্যান স ম জিয়াউর রহমান ও সেক্রেটারী জেনারেল-প্রধান নির্বাহী আকতার হোসেন নিজামী বিবৃতিতে বলেন, প্রতি বছর কোনো না কোনোভাবে কিংবা ছোট-বড় করে হলেও দিবসটি উদযাপন করা হলেও এবারের ২০২৬ সালের বিশ্ব তামাকবিরোধী দিবস পালন নিয়ে শঙ্কা রয়েছে। দীর্ঘ সরকারি ছুটি থাকার ফলে এবং ৩১ মে পরবর্তী অফিস কার্যক্রম চালু হওয়ার ফলে দিবসটি কতটুকু উদযাপিত হবে তা নিয়ে শঙ্কিত। তারা বলেন, সারা দেশে তামাকজাত ও মাদকদ্রব্যের অবাধ বিচরণ ও বিপণন বেড়েই চলেছে। তা প্রতিরোধ-প্রতিঘাত করে আগামী প্রজন্মকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে এনে একটি সুস্থ-সুন্দর-সবল জাতি গঠনে তামাকবিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় ও সাড়ম্বরে উদযাপন করা উচিত।
বিবৃতিতে তারা আরো বলেন, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রধান আইনটি হলো ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’, যা ২০১৩ সালে সংশোধিত হয়েছে। এই আইন অনুযায়ী পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান নিষিদ্ধ, এবং আইন অমান্য করলে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। অধ্যাদেশ ২০২৫: ৩০ ডিসেম্বর ২০২৫-এ রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে সংশোধিত অধ্যাদেশ কার্যকর হয়েছে, যা আইনটিকে আরও শক্তিশালী করেছে। ই-সিগারেট, ভ্যাপিং, হিটেড টোব্যাকো প্রোডাক্ট এবং নিকোটিন পাউচসহ নতুন ধরনের তামাকজাত পণ্য উৎপাদন, ব্যবহার ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। অফিস, লাইব্রেরি, লিফট, হাসপাতাল, বিমানবন্দর, এবং গণপরিবহনে ধূমপান করা যাবে না। গণপরিবহন বা পাবলিক প্লেসে ধূমপান করলে ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা। তামাকের বিজ্ঞাপন, প্রচারণা বা স্পন্সরশিপ সম্পূর্ণ নিষিদ্ধ। তামাক পণ্যের প্যাকেটের ৫০% স্থানে স্বাস্থ্য সতর্কবার্তা চিত্রসহ মুদ্রণ বাধ্যতামূলক। ১৮ বছরের কম বয়সী কারো কাছে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ।
তারা সংশ্লিষ্ট বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে যথাযথ আইনের প্রয়োগের মাধ্যমে তামাকজাত দ্রব্যের প্রচার-প্রসার ও বিপণন প্রতিরোধ করে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
![]()









