
স্মরণীয় মনীষী; শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমী ( রাহ:)
সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন
সুন্নীয়তের আদর্শ প্রচার ও প্রসারের আলোকিত বাতিঘর। চট্টগ্রামের এই মহাপুরুষ কে শ্রদ্ধায় স্মরণ করছি। তিনি ১৯৪৩ সালে চট্টগ্রামে আনোয়ারা উপজেলার চাঁপাতলী গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। মহা আলোকিত এই আশেকে রাসুল ( সাঃ) ২০২০ সালে মহান আল্লাহর দিদার লাভ করেন। শোলশহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় হুজুরের মাজার শরীফ রয়েছে। হুজুরের ২য় ওয়াফাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরাহলোঃ হযরত মাওলানা মুহাম্মদ ওবাইদুল হক। তবে তিনি শেরে মিল্লাত, মুফতি ওবাইদুল হক নঈমী হিসেবেই বিখ্যাত। তিনি প্রখ্যাত হাদীস বিশারদ হিসেবে উপ মহাদেশে পরিচিত। মুফতি, মুফাসসির, মুনাযির (বিতার্কিক), সুললিত কন্ঠের ওয়ায়েজ ও বহুমুখী প্রতিভার অধিকারী ইলমের মহাসাগর ছিলেন । তিনি চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ওয়াজ করেছেন। তিনি যুক্তি ও তর্কে পবিত্র কোরআন ও হাসিদের আলোকে ভ্রান্তদের পরাজিত করে সুন্নীয়তের জয় করে তুলতেন।
তিনি আশেকে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর এক উজ্জ্বল নমুনা ছিলেন। যার কোনো তুলনা হয়না। হুজুরের পিতা নুর আহমদ মুনশী আল কাদেরী, মাতা: সফুরা খাতুন।
শিক্ষাজীবন : তিনি প্রাথমিক শিক্ষা আনোয়ারা চাঁপাতলী গ্রামে সমাপ্ত করে ধর্মীয় উচ্চ শিক্ষার জন্য তৎকালীনযুগের ঐতিহ্যবাহী দ্বীন ই শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াজেদিয়া আলিয়ায় ভর্তি হয়ে সেখান থেকে কৃতিত্বের সাথে দাখিল, আলিম ও ফাযিল পাস করেন এবং সরকারি বৃত্তি লাভ করেন। অতঃপর তিনি পাকিস্তানের গুজরাটে অবস্থিত জামেয়া নঈমিয়ায় ভর্তি হন। সেখানে তিনি বিখ্যাত মুফাসসির ও মুফতি, হাকিমুল উম্মত, আল্লামা আহমদ ইয়ার খান নঈমী (রহ.)-এর সাহচর্যে থেকে তাফসীর, হাদিস ও ফিকহ শাস্ত্রসহ ফলূনাত বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করেন। অতঃপর সেখান থেকে ফিরে এসে ১৯৬৫ সালে ওয়াজেদিয়া আলিয়া হতে কামিল (হাদিস) এবং ১৯৬৬ সালে ঢাকা আলিয়া হতে কামিল (ফিকহ) উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৬ খ্রি. সালের শেষের দিকে ওয়াজেদিয়া আলিয়া মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। অতঃপর হাটহাজারী জামেয়া আজিজিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসায় কিছুদিন শিক্ষকতা করেন। অতঃপর ১৯৬৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আজীবন এশিয়াখ্যাত জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে শায়খুল হাদীস পদে দায়িত্ব পালন করেন । শিক্ষকতা ছাড়াও তিনি মাঠে ময়দানে ওয়াজ নসীহতে ব্যস্ত থাকতেন। তিনি প্রায় ৫২ বছর অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন। দেশ-বিদেশে তাঁর অসংখ্য ছাত্র রয়েছে। তিনি একজন হানাফী মাযহাবের অনুসারী হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, মসলকে আ’লা হযরত (রহ.)-এর দর্শনের ওপর সারাটি জীবন অতিবাহিত করেন। তিনি বিখ্যাত আলিয়া কাদিরিয়া তরীকার একনিষ্ঠ অনুসারী ছিলেন। তিনি ১৯৬৮ সালে দরবারে সিরিকোটের মহান শায়খ রাহনুমায়ে শরীয়ত ও তরীকত, মুজাদ্দেদে দ্বীন এ মিল্লাত, বানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ ও জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতিষ্টাতা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)-এর হাতে বায়াত গ্রহণ করেন। তিনি একজন ফানা কীশ শায়খ ছিলেন। হুজুর – শেরে মিল্লাত, বাতিলদের বিপক্ষে সুন্নিয়তের পক্ষে ব্যাঘ্রতুল্য, তাই সমসাময়িক উলামায়ে কেরাম তাঁকে শেরে মিল্লাত উপাধিতে ভূষিত করেন। তিনি সদরুল আফাযিল, বদরুল আমাছিল সৈয়্যদ মুহাম্মদ নঈম উদ্দীন মুরাদাবাদী (রহ.)-এর ছাত্র মুফতি আহমদ ইয়ার খান নঈমী (রহ.)-এর একনিষ্ঠ ছাত্র ছিলেন। সে সুবাদে তিনি নঈমী লকবধারী। তিনি আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান ও ওয়ার্ল্ড ইসলামিক মিশন লন্ডন এর অন্যতম সদস্য ছিলেন। সুন্নিয়ত তথা মসলকে আ’লা হযরত (রহ.), সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আয়ুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, জামেয়া আহমদিয়া সুন্নিয়াসহ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আকিদা প্রচার প্রসারে তাঁর অবদান চিরস্মরণীয়। তিনি অসংখ্য ফাতওয়া ও প্রবন্ধ ছাড়াও কয়েটি ঐতিহাসিক মুল্যবান কিতাব রচনা করেছেন। এই কিতাব গুলো যুগেযুগে আলোর পথ দেখাবে। যখনই মানুষ পথ ভ্রষ্ট হবে, তখন ই হুজুরের লেখা কিতাবগুলো আলোর মতো পথ দেখাবে। যুগশ্রেষ্ট এই মহান শিক্ষাবিদ ২০২০ সালের ৬ জুলাই, ১৪ যিলক্বদ ১৪৪১ হিজরী, রোজ সোমবার বিকালে ওফাত লাভ করেছেন। মহান আল্লাহ আমার শিক্ষাবিদ পিতার বন্ধু, আমার পরম শ্রদ্ধাভাজন শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী ( রাহঃ) কে জান্নাতবাসী করুক। আমীন।
ছবির ঋন: আবদুল করিম সেলিম। বিশিষ্ট আলোকচিত্রী, চট্টগ্রাম।
…
![]()









