
সুনামগঞ্জে হাওরে নৌকাডুবি : একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হাওরে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ রয়েছেন আরও তিন ব্যক্তি। তারা কীর্তন থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী, মৃত অনিল দেব নাথের দুই ছেলে অরুণ দেবনাথ ও অধীর দেবনাথ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
![]()








