
সালমান-আনিসুলকে ডিম ছুড়ে মারা আইনজীবী নিহত
ঢাকার আদালত প্রাঙ্গণে গতকাল বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ডিম নিক্ষেপ করেছিলেন আইনজীবী ইনজামুল হক সুমন।
আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু সংলগ্ন নাওডোবা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ইনজামুল হক সুমন (৩৪)। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।
পুলিশ জানিয়েছে, আজ দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলযোগে শরীয়তপুরের সখিপুরে রওয়ানা হন। মোটরসাইকেল চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিক হাসান। দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভ ভিডিওতে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।’
![]()








