- - -

সাংবাদিকতার গলায় ছুরি, রংপুরে সংবাদকর্মীর রক্তে আবারও প্রশ্ন—এইভাবে আর কত

Print News

সাংবাদিকতার গলায় ছুরি, রংপুরে সংবাদকর্মীর রক্তে আবারও প্রশ্ন—এইভাবে আর কত

-মো.কামাল উদ্দিন

আমি গভীর ক্ষোভ ও ব্যথার সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত এক সংবাদকর্মীর উপর সন্ত্রাসীরা নৃশংসভাবে হামলা চালিয়েছে। এই বর্বরোচিত ঘটনা শুধু একটি ব্যক্তির উপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত চিন্তার উপর সরাসরি আঘাত।
আমি মো. কামাল উদ্দিন—একজন লেখক, সাংবাদিক, টেলিভিশন উপস্থাপক এবং আন্তর্জাতিক সাহিত্য ও মতপ্রকাশ স্বাধীনতার সংগঠন পেন ইন্টারন্যাশনাল (বাংলাদেশ শাখা)–এর একজন সদস্য হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দৃষ্টি আকর্ষণ করছি:
এইভাবে আর কত সংবাদকর্মীকে রক্ত দিতে হবে? আর কতজন সাংবাদিককে হাসপাতাল, থানা, আদালত আর কবরস্থানে দেখতে হবে?
এই হামলার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো—আমাদের দেশে সংবাদকর্মীরা এখনো নিরাপদ নন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা প্রতিনিয়ত শারীরিক, মানসিক, এমনকি প্রাণঘাতী হামলার শিকার হচ্ছেন। রাষ্ট্র ও সরকারের দায়িত্বশীল নীরবতা এসব ঘটনার পুনরাবৃত্তিকে উৎসাহ দিচ্ছে।
একটি প্রশ্ন আজ সামাজিক পরিসর ও রাষ্ট্রীয় বিবেকের সামনে দাঁড়িয়ে:
সংবাদকর্মী যদি নিরাপদ না থাকেন, তাহলে সত্য কণ্ঠস্বর কে তুলবে?
এই পরিস্থিতিতে আমি সরকারের কাছে তিনটি দাবিতে সোচ্চার হচ্ছি:
১. রংপুরে আক্রান্ত সংবাদকর্মীর ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করতে হবে।
২. দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের উপর হামলা করার সাহস না পায়।
৩. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্বাধীন মনিটরিং সেল গঠন করতে হবে, যাতে প্রতিটি হামলার তদন্ত হয় নিরপেক্ষ ও দ্রুত।
আমরা ভুলে যেতে পারি না—একটি রাষ্ট্রের গণতন্ত্রের মেরুদণ্ড হলো তার গণমাধ্যম। সংবাদকর্মীরা কেবল খবর দেন না, তারা সমাজের চোখ, কান ও বিবেকের ভূমিকা পালন করেন। সেই চোখ উপড়ে ফেলার যেকোনো প্রচেষ্টা সরাসরি দেশবিরোধী এবং গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হওয়া উচিত।
আমি আহ্বান জানাই—সাংবাদিকতা যেন রক্তাক্ত না হয়, সাংবাদিক যেন অপরাধীর নয়, রাষ্ট্রের আশ্বাসে বাঁচে। সাংবাদিকতা যেন ভয়ের নয়, গর্বের পেশা হয়ে টিকে থাকে।

-লেখক, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক,
সদস্য, পেন ইন্টারন্যাশনাল (বাংলাদেশ শাখা)

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa