
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের কোটেই বল দিল্লির
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতের সঙ্গে সে দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কূটনৈতিক স্তরে তীব্র জল্পনা শুরু হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভারতের শীর্ষ স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ দেশের আদালতের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিতে চাইছে নয়াদিল্লি। আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইঙ্গিত মিলেছে। এর মাঝে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আচমকাই অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, তারেকের এই সফরের জন্য ভারতকে উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ নিশ্চিত করা স্বার্থেই ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে কয়েকটি বড় দাবি জানানো হয়েছে। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অভিযুক্তদের দ্রুত বাংলাদেশের কাছে ফেরত পাঠানোর দাবি তুলেছে ঢাকা। আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদের ও অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জোরালো দাবি জানানো হয়েছে। ঢাকার বক্তব্য, ভারতে বসেই হাসিনা যেভাবে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন এবং সাংবাদিক বৈঠক করছেন, তা কোনোভাবেই বরদাস্ত নয়। এই পরিস্থিতিতে অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য ভারতের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ঢাকা।
![]()









