
নবীনগরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা বিপ্লবকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার টাকা আদায়ের নামে চাঁদা দাবির অভিযোগে আসাদুজ্জামান বিপ্লবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার (২৪ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো নোটিশে তাঁকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান বিপ্লব জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও পৌরসভার ইজারার টোল আদায়সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসদাচরণ করেছেন বলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ উত্থাপিত হয়েছে। এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে সাংবাদিকদের বহনকারী একটি মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার টাকা দাবির ঘটনা ঘটে।
সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক ওই মাইক্রোবাসে করে নবীনগরের ধরাভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাঁদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ ওঠে।
এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁদের মারতে উদ্যত হওয়া এবং সংসদ সদস্যের ভাতিজা পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে নোটিশপ্রাপ্ত বিপ্লবের বক্তব্য জানা যায়নি।
ইজারা বাতিলের উদ্যোগ
ঘটনার পর নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. রাকিবুল ইসলাম জানান, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানান।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নিজের কোনো ভাতিজা নেই বলে জানান এবং পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিলের জন্য বলেন।
এই বিষয়ে সত্যতা স্বীকার করে আসাদুজ্জামান বিপ্লব মুঠোফোনে জানান আগামীকাল সকালে সংবাদ সম্মেলন করার পর কথা বলব।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কারণ দর্শানোর নোটিশের পর এখন আসাদুজ্জামান বিপ্লবের ব্যাখ্যা এবং তাঁর বিরুদ্ধে সংগঠন কী ধরনের সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
![]()









