
খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এলাকায় কুমিল্লা–সিলেট মহাসড়কের পাশে এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্তে প্রাথমিকভাবে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া চিকিৎসকের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে পাওয়া গেছে। ওই প্রেসক্রিপশন থেকে নারীর নাম রত্না বেগম (৩৯) এবং তাঁর ঠিকানা কসবা বলে জানা গেছে।
প্রেসক্রিপশনটি ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত দি ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালের। এতে অধ্যাপক সরোজ কুমার দাশের নাম উল্লেখ রয়েছে।
তবে উদ্ধার হওয়া নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মরদেহটির পরিচয় নিশ্চিত করতে তাঁর স্বজন, পরিচিতজন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। কেউ রত্না বেগমকে চিনে থাকলে অথবা তাঁর পরিবারের সন্ধান জানলে দ্রুত নিকটস্থ থানা বা হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।মরদেহটির পরিচয় শনাক্তে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।
![]()








