- - -

শুভ জন্মদিন 

Print News

শুভ জন্মদিন

 

আমি একজন বাংলাদেশি, কিন্তু পাকিস্তান আমার ভালো লাগে। পাকিস্তানিদের ভাই ভাবতে পছন্দ করি। পাকিস্তানের খেলা, তাদের মেয়েদের সৌন্দর্য, উর্দু গজল ও গান এইসবই আমাকে মুগ্ধ করে।
তাহলে কি আমি ভুল করছি?

ভালো লাগা মানুষের একটি সহজাত গুণ। তবে ইতিহাস ও চেতনার প্রশ্নে ভালো লাগা আর ভুলের পার্থক্য অনুধাবন করা জরুরি।

১৮ ডিসেম্বর ১৯৭১
মহান বিজয়ের দুইদিন পর।

রায়েরবাজার বধ্যভূমিতে পড়ে ছিল অসংখ্য বিকৃত, রক্তাক্ত, নির্মমভাবে হত্যা করা বুদ্ধিজীবীদের লাশ। সেই ভয়াবহ লাশগুলোর মাঝে একটি বিকৃত লাশের পরিচয় যখন প্রকাশ পায়, জাতির হৃদয়ে নেমে আসে বিষাদ।

তিনি ছিলেন ডা. মোহাম্মদ ফজলে রাব্বি। একজন বিশ্বখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, একজন মেধাবী গবেষক, একজন দেশপ্রেমিক চিকিৎসক, একজন মানুষ। যিনি চাইলে পাকিস্তানে অভিজাত সম্মান আর আরাম আয়েশে জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন বাংলার মানুষের পাশে থাকার পথ।

৩৮ বছর বয়সেই পাকিস্তানের শ্রেষ্ঠ অধ্যাপক হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। তবুও, তিনি সেই পুরস্কার ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তাঁর হৃদয় ছিল বাংলার মানুষের জন্য উন্মুক্ত। যুদ্ধের দিনগুলোতে তিনি মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছেন, জীবনকে তুচ্ছ করে আহতদের পাশে থেকেছেন। তিনি বিশ্বাস করতেন, “ওরাও মানুষ”, তাই সহিংসতার বদলে করুণার কথা বলতেন।

কিন্তু তাঁর সেই মানবতাবাদ পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের সহ্য হয়নি। তারা তাঁকে তুলে নিয়ে যায়। চোখ উ’পড়ে ফেলা হয়। হৃদপিণ্ড ছিঁ’ড়ে ফেলা হয়। সমগ্র শরীর বেয়নেট দিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে দেয় রায়েরবাজার বধ্যভূমিতে। কী ভয়ংকর নিষ্ঠুরতা! কী লজ্জাজনক নৃশংসতা!

আজ যখন কেউ বলে,“পাকিস্তান ভালো লাগে”, তখন এই প্রশ্নটা মাথায় আসে, ভুলে যাচ্ছি না তো আমরা সেই ডা. ফজলে রাব্বিদের কথা? ভুলে যাচ্ছি না তো শহীদ বুদ্ধিজীবীদের রক্তমাখা আর্তনাদ? ভুলে যাচ্ছি না তো নিজের জাতির সেই শোকগাথা, যেখানে হৃদয় উপড়ে ফেলা হয়েছিলো এক মহান মানুষকে?

ভালো লাগা দোষ নয়। কিন্তু যাদের হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্ত লেগে আছে, তাদের সংস্কৃতি, বিনোদন, বাহ্যিক সৌন্দর্য সবই তখন অসার হয়ে পড়ে যদি ইতিহাসের রক্তাক্ত অধ্যায়কে আমরা উপেক্ষা করি।

ডা. ফজলে রাব্বির হৃদপিণ্ড উপড়ে ফেললেও, বাংলার হৃদয় থেকে তাঁকে মুছে ফেলা যায়নি, যাবেও না। তুমি যদি নিজেকে বাঙালি ভাবো, তবে ইতিহাসকে সম্মান করো, এবং জানতে শেখো কার হাতে ছিন্ন হয়েছিলো এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের জীবন।

আজ তাঁর জন্মদিন।
শ্রদ্ধার সাথে বলি শুভ জন্মদিন, শহীদ ডা. মোহাম্মদ ফজলে রাব্বি।
আপনার নাম আমাদের বুকের ভেতর অমর হয়ে আছে।

বিনম্র শ্রদ্ধা শহীদ ডা. ফজলে রাব্বির প্রতি।
জয় বাংলা।
জয় স্বাধীনতা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa