
রাতে লখনউয়ের হোটেলে ডেকে ৪ বোন এবং মাকে খুন করলেন আগ্রার যুবক ! পুলিশে আত্মসমর্পণ
বর্ষবরণের রাতে সপরিবারে আনন্দ করার জন্য ভারতের উত্তরপ্রদেশের আগ্রা থেকে এসে ছিলেন লখনউ। উঠে ছিলেন একটি হোটেলে। সেখানেই পরিবারের এক সদস্যের হাতে খুন হলেন বাকি ৫ জন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) রাতে হোটেল ঘরে ৪ বোন এবং মাকে মেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ২৪ বছরের যুবক। পুলিশ সূত্রে প্রকাশ, নিজের অপরাধের কথা স্বীকার করার পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে তিনি এমন কান্ড ঘটালেন, সেটাও জানিয়েছেন তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আরশাদ। আগ্রার বাসিন্দা ওই যুবক মা এবং ৪ বোনকে নিয়ে মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) বর্ষশেষের রাতে লখনউয়ের নাকা এলাকার একটি হোটেলে উঠেছিলেন। রাতে খাওয়া দাওয়ার সময় পরিবারের ৫ সদস্যকে খুন করেন আরশাদ। অনুমান করা হচ্ছে, সম্ভবত খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের মেরে ফেলেছেন আরশাদ। জানা গেছে, যুবকের মায়ের নাম আসমা। এছাড়া ৪ বোন আলিয়া(৯),আলিশা (১৯), আকসা(১৬), এবং রেহমিন (১৮) কে হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে পরিবারের ৫ জনকে খুন করেছেন যুবক। সেন্ট্রাল লখনউয়ের ডিসিপি রবীনা ত্যাগী বলেন, হোটেলের মধ্যে এক যুবক তাঁর পরিবারের সদস্যদের খুন করেছেন বলে স্বীকার করেছেন। পুলিশ ইতিমধ্যে যুবককে গ্রেফতার করেছে। বুধবার ( ১ জানুয়ারি ) ফরেন্সিক দল হোটেলে এসে নমুনা সংগ্রহ করবে। কিভাবে খুন হয়েছেন ৫জন, তার তদন্ত চলছে।
![]()








