
রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে নালায় উল্টে গেল বাস, মৃত অন্তত ৮
দিল্লি – মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৮ জনে। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। শনিবার (১৭ অক্টোবর ) সকালে রাজস্থানের কোটা জেলার সিমলিয়া থানা এলাকার কাড়াডিয়ার কাছে দুর্ঘটনা ঘটে। দিল্লি থেকে মুম্বইগামী যাত্রী বোঝাই মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে উল্টে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার (১৭ অক্টোবর ) ভোর ৬টায় দুর্ঘটনা ঘটে। বাসে ২৫ জনেরও বেশি যাত্রী ছিলেন। কাড়াডিয়ার এলাকার কাছে পৌঁছেতেই আচমকা বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। বাস প্রায় ১৫ ফুট নীচু জল ও কাঁদায় ভরা নালার মধ্যে গিয়ে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। দুর্ঘটনায় বিকট শব্দে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে নয়ানজুলিতে জল এবং অতিরিক্ত কাঁদা থাকার কারণে উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। পরবর্তীতে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নয়ানজুলি থেকে টেনে তোলা হয়। ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছে। তা এখনও স্পষ্ট নয়, পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ দুর্ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
![]()









